২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাঙ্কুভারে বসন্ত উৎসব

দেশের সীমানা ছাড়িয়ে কানাডার এই শহরটিতে বসবাসরত একদল বাঙালি উদযাপন করেছে বসন্তের আগমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহানা আকতার মহুয়া, ভ্যাঙ্কুভার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:00 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’ স্বদেশের সীমানা ছাড়িয়ে ঋতুরাজ বসন্ত যেন এসে কড়া নেড়েছে এই প্রবাসেও। প্রকৃতিকে বসন্তের রঙে রাঙিয়ে দিতে তাই সেজে উঠেছিল ভ্যাঙ্কুভারের বাঙালিরাও। রোববার ২০ মার্চ কানাডায় বসন্তের প্রথম দিন। ওইদিন বসন্তকে আহবান জানাতে কেনসিংটন কম্যুনিটি সেন্টারে আয়োজন করা হয় বর্ণিল উৎসবের।

বসন্ত হচ্ছে তারুণ্যের ঋতু, রঙের ঋতু। বাসন্তী শাড়ি, চুড়ির রিনিঝিনি বাজনা আর ফুলের শোভায় মনে হচ্ছিল বুঝি রঙের আগুন জ্বলছে। ‘রাঙিয়ে দিয়ে যাও  যাও  যাও গো এবার যাবার আগে’ গানের সঙ্গে  ফুলের পাপড়ি ছড়িয়ে অভ্যাগতদের বরণ করে নেয় ফুলের মতো মিষ্টি মেয়ে আজমিন আর রাফা।

ভ্যাঙ্কুভারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মওলা প্রসঙ্গক্রমে আলোচনা করেন বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে। মোগল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এরমধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। ১৪০১ বঙ্গাব্দ থেকে বসন্ত উৎসব উদযাপন শুরু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। 

একে একে সঙ্গীত পরিবেশন করেন সাব্বির খান, সুস্মিতা, মুশফিকুল আরেফিন এবং বিশ্বজিৎ বিশ্বাস। নৃত্য পরিবেশন করে নাজিফা এবং রুদমিলা কাশেম।

কবিতা আবৃত্তি করেন জাহিদ লতিফ, জিনাত আরা এবং হায়দার। দর্শকপর্বে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণসঞ্চার করে।

শাহানা আকতার মহুয়া এবং রাশেদুল মাহমুদের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠেছিল। বাঙালির রসনা তৃপ্তির পাশাপাশি প্রবাসে মনের তৃপ্তিও যেন মিটিয়েছে বসন্ত উৎসব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গুলশান আরা শিপু।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com