নিউ ইয়র্কে ১৬৯ বাংলাদেশির বহিষ্কারাদেশ স্থগিত চেয়ে মানববন্ধন
আশ্রয়প্রার্থী ১৬৯ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করার প্রক্রিয়া স্থগিতের দাবিতে নিউ ইয়র্কে হিলারি ক্লিনটনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ এশীয় নাগরিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা সংগঠন ‘দেশিজরাইজিং আপ অ্যান্ড মুভিং’ (ড্রাম) এ মানববন্ধন আয়োজন করে।
হিলারি চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়নপ্রত্যাশী।
মানববন্ধনে প্রবাসী নেতারা ছাড়াও জামিনে মুক্তি পাওয়া বেশ কয়েকজন আশ্রয়প্রার্থী অংশ নেন। তারা বহিষ্কারকে ‘অমানবিক’ আচরণ অভিহিত করে তা থেকে বিরত থাকতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশের বক্তব্যে ডিটেনশন সেন্টার থেকে জামিনে মুক্ত ‘আশ্রয়প্রার্থী’ সাইফুল ইসলাম গত তিন বছরে মেক্সিকো সীমান্ত দিয়ে দুই হাজারেরও বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে গ্রেপ্তার হয়েছেন দাবি করে বলেন, এরা সবাই ‘রাজনৈতিক আশ্রয়’ চেয়েছেন।
এসব আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নিজেকে ‘বিএনপি’র কর্মী-সমর্থক পরিচয় দিলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আশ্রয়’ নিশ্চিত করতে এরা ‘মিথ্যা তথ্য’ দিয়েছে।
সাইফুল বলেন, আশ্রয়প্রার্থী অর্ধেকেরও বেশি আবেদন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
“তাদের স্থায়ী জামিন দেওয়া হয়েছে। বাকিদের মধ্যেও ৬০০ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে জামিন।”
বাকি ১৬৯ জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এদেরকে অ্যারিজোনার ক্লোরেন্স থেকে ‘ডিপোর্ট’ করার সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গেছে বলে সাইফুল জানান।
বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে ‘আশ্রয়প্রার্থী’রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিটেনশন সেন্টারে অনশনও করেন।
রাজনৈতিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে সমাবেশে দাবি করেন বন্দি থাকা অবস্থায় ডিটেনশন সেন্টারে অনশনকারী জাহেদ আহমেদ।
দেশে ফেরত পাঠানোকে ‘নির্দয় আচরণ’ মন্তব্য করে তা থেকে বিরত থাকার জন্য বারাক ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে সংহতি জানান ইমিগ্রেশন অ্যাটর্নি ম্যাথিও কনকেন। মানববন্ধনের আগে ড্রামের নেতারা কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার যোসেফ ক্রাউলির সঙ্গে দেখা করেন।
ড্রামের সদস্য গিয়াস আহমেদ বলেন, “প্রশাসনের নীতি-নির্ধারকদের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে। তাদের অনুরোধ করছি যেন এ ধরনের ঢালাও ডিপোর্টেশন না করা হয়।”
আশ্রয়প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ‘আইনি লড়াই’ অব্যাহত আছে বলেও জানান গিয়াস।
