স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রে আ.লীগ ও বিএনপির বিভক্ত সমাবেশ
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও বিএনপির বিভক্ত অংশগুলো আলাদাভাবে সমাবেশ করেছে।
এর মধ্যে বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই অংশ রোববার সন্ধ্যায় একই সময়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি ও হাটবাজার পার্টি সেন্টারে সমাবেশ করে।
আর সংসদের বাইরে থাকা আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি তিনটি অংশও একই সময়ে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা, ইত্যাদি পার্টি সেন্টার ও টক অব দ্য টাউন রেস্টুরেন্টে সমাবেশ করেছে।
পালকি পার্টি সেন্টারের সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন। সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং নিউ জার্সি সিটির ডেমক্রেট দলের কাউন্সিলার মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী।
পালকি পার্টি সেন্টারের সমাবেশে প্রবাসী মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সমাবেশে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
হাটবাজার পার্টি হলের সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, শ্রমিক লীগ সভাপতি আজিজুল হক খোকন।
আড়াই বছর আগে কমিটি ভেঙে দেওয়ার পর মোট পাঁচটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র বিএনপি।
যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের সমাবেশ।ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
ইত্যাদি পার্টি সেন্টারের সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব গোলাম হোসেন, প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ।
বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, নাসিম আহমেদ।
‘টক অব দ্য টাউন’ রেস্টুরেন্টের পার্টি হলে অপর এক সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার।
আলোচনায় অংশ নেন বিএনপি নেতা বাকির আজাদ, বিল্লাল হোসেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সাজ্জাদ।
