ফ্লোরিডায় এশীয় পণ্যের মেলা ২৬ মার্চ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর পণ্য, খাদ্য ও সংস্কৃতি তুলে ধরতে শনিবার দুদিনের মেলা শুরু হচ্ছে।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে সাউথ ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ ফেয়ার গ্রাউন্ডে ‘এশিয়ান ট্রেড, ফুডফেয়ার অ্যান্ড কালচারাল শো-২০১৬’ করবেন কংগ্রেসওম্যান লুইস জ্যান ফ্রাঙ্কেল।
ফ্লোরিডার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও জ্বী বাংলার যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে থাকবেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
মেলার আয়োজক কমিটির উপদেষ্টা ও ফ্লোরিডার বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবে উত্তর এবং মধ্য আমেরিকার দেশসমূহের ব্যবসায়ী-শিল্পপতিরাও আসবেন।
“তাদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত হবে এবং এসব সেমিনার ও বৈঠকে মূলত বাংলাদশি পণ্য নিয়ে কথা হবে।”
২৩তম এশিয়ান ট্রেড, ফুডফেয়ার অ্যান্ড কালচারাল শো’র প্রস্তুতি নিয়ে বৈঠক। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এবারের আয়োজনে রয়েছে বাংলাদেশকে প্রমোট করার বেশ কিছু পর্ব; মার্কিন প্রশাসনের কর্মকর্তারাও এসব পর্বে বক্তব্য রাখবেন।
এশিয়ান দেশসমূহের সেরা শিল্পীরাও দুদিনের অনুষ্ঠানমালায় অংশ নেবেন। এশিয়ার দেশসমূহের জনপ্রিয় খাদ্যের স্টলও থাকবে এ মেলায়।
উদ্বোধনী পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমেরিকায় জন্ম নেওয়া বাঙালি প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
প্রবাসীদের সুবিধার্থে এই মেলায় বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কন্স্যুলেট থাকবে। পাসপোর্টের আবেদন, ভিসা এবং অন্যান্য কাজের জন্যে সুবর্ণ এ সুযোগের সদ্ব্যবহার করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
