২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি

একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে মুক্তিকামী বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর আক্রমণ স্মরণে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 12:29 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর জানান, এই দাবিতে ওই দিন ১২টা ১ মিনিটে আলো নিভিয়ে গণহত্যার শিকার শহীদদের স্মরণ করবেন তারা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে ইতিমধ্যেই আমরা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও যুক্তরাষ্ট্র কংগ্রেসে স্মারকলিপি দিয়েছি।

“বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, শীগগিরই জাতিসংঘে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে।”

প্রদীপ জানান, কালরাত স্মরণে ২৪ মার্চ রাত ৮টা থেকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে দেশের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি পরিবেশিত হবে।

“এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে। আর মধ্যরাতের কর্মসূচির সমাপ্তি ঘটবে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।”

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদসহ প্রবাসীদের বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি আয়োজনে সহায়তা করছে বলে জানান তিনি।

জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা

স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নেতৃত্বে এক শোভাযাত্রায় অংশ নেবে প্রবাসী সংগঠনগুলো।

বাঙালির চেতনামঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ২৬ মার্চ বিকালে অনুষ্ঠেয় এই শোভাযাত্রায় অংশ নিতে বুধবার পর্যন্ত ৬৫ সংগঠন নিবন্ধিত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

২৫ মার্চ পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ থাকায় এই তালিকা আরও বাড়বে বলে তারা আশা করছেন।

শোভাযাত্রাটি ৭৩ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউ হয়ে পাবলিক স্কুল ৬৯ এ গিয়ে শেষ হবে।

এর আগে দিনের শুরুতে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ছবি ও বই প্রদর্শনীর পাশাপাশি ১৯৭১ সালে যেসব মার্কিন নাগরিক অবদান রেখেছেন, তাদেরও এ আয়োজনে সম্মানিত করা হবে।