ফোবানার এবারের আসর ওয়াশিংটনে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের শীর্ষ সংগঠন ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এবারের সম্মেলন হবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
২ সেপ্টেম্বর থেকে শেরাটন পেন্টাগণ সিটি হোটেলে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এই সম্মেলনের জন্য দুই লাখ ডলারের বাজেট ধরা হয়েছে।
শনিবার রাতে নিউইয়র্কে ৩০তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে হোস্ট সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবস্থান জোরালো করতে এবং প্রবাসে বাঙালি সংস্কৃতির চর্চার প্রসারে ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসি থেকেই ফোবানার যাত্রা শুরু হয়।এই ফোরামের ৩০তম সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে সেখানেই।
সংবাদ সম্মেলনে হোস্ট কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর বলেন, “ফোবানা সম্মেলনে সমগ্র উত্তর আমেরিকার প্রবাসীরা অংশ নেবেন। একইসঙ্গে আমরা মূলধারার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকেও আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশি-আমেরিকানদের অবস্থানের প্রকাশ ঘটাব।”
নিউইয়র্কে সংবাদ সম্মেলনে হোস্ট কমিটির কাছে ফোবানার পতাকা হস্তান্তর করছেন নেতারা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ফোবানার হোস্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ফোবানার প্রতিষ্ঠাতাদের অন্যতম নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, নির্বাহী চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, বিদায়ী চেয়ারম্যান মীর চৌধুরী, ইয়ুথ কমিটির চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, ফোবানার নির্বাহী সদস্য বেদারুল ইসলাম বাবলা, হোস্ট কমিটির সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, কনভেনর এ টি এম আলম, কো-কনভেনর তোয়ায়েল আহমেদ এবং আকতার হোসেন, মেম্বার সেক্রেটারি নুরুল আমিন, উপদেষ্টা হারুন চৌধুরী, প্রধান সমন্বয়কারী হাজী করিম সালাহউদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে হোস্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পতাকা হস্তান্তর করা হয় হোস্ট কমিটির কাছে।
