২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির পাঁচ বছর, কেমন আছে জাপান?

১১ মার্চ ২০১১, ঘড়ির কাঁটায় দুপুর ২টা ৪৬ মিনিট। ৮১ বছরের বৃদ্ধ মা কাজু সেতোকে নিয়ে ইশিনোমাকি শহরের কিতা কামিগাওয়া নদীর পাশ দিয়ে হাঁটছিলেন আশিতানি মাই। হঠাৎ মাইকে বাজলো সতর্কবার্তা- ‘সাগরের তলদেশে ভূমিকম্পে পানি উপকূলের দিকে আসছে, সবাই উঁচু স্থানে চলে যাও’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 11:40 AM

Updated : 11 Oct 2022, 07:54 PM

চারদিকে মানুষ আর গাড়ির ছোটাছুটির মধ্যে মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প, বৃদ্ধ মাকে নিয়ে রাস্তায় পড়ে গেলেন আশিতানি। কয়েক মিনিট পর দেখতে পেলেন শুকনো কামিগাওয়া নদীতে বয়ে যাচ্ছে খরস্রোত।

বাড়ির পথে রওনা হলেও বৃদ্ধ মা থাকায় বেশি দূর এগোতে পারলেন না তিনি। এর আগেই ‘উচুঁ, সাদা কিছু’ ধেয়ে আসতে দেখে দৌড়ালেন।

“কিছু দূর এগোনোর পর পিছনে ফিরে দেখি মা আমার নদীর পানিতে ভাসছে”, কান্নাজড়িত কণ্ঠে পাঁচ বছর আগের প্রলয়ঙ্করী সুনামিতে মাকে হারানোর ঘটনা বলছিলেন আশিতানি।

ইশিনোমাকি শহরের এক রেস্তোরাঁয় কথা হয় ত্রিশোর্ধ্ব এই জাপানি নারীর সঙ্গে।

তিনি বলেন, “সবচেয়ে বড় সম্পদ হারিয়ে যে অভিজ্ঞতা আমি পেয়েছি, তা আমাকে প্রতিদিন পীড়া দেয়।”

ভয়ঙ্কর সেই সুনামির ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনা গেল সজু মিয়ুরু, সককু আজিনো, কিতানি আসুইর কাছেও। প্রাকৃতিক দুর্যোগ কী করে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় জীবন আর স্বপ্নকে- সে কথা বললেন তারা।

পাঁচ বছর আগের এই দিনে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান; উপকূল ছাপিয়ে উঠে আসা সাগর ভাসিয়ে নিয়েছিল পূর্ব জাপানের বেশ কয়েকটি প্রদেশের জীবন, জনপদ।

সেদিনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইচির পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর চুল্লি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হয় লাখো মানুষ।

ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনো খোঁজ মেলেনি।

সেই দুর্যোগের পঞ্চম বার্ষিকীতে শুক্রবার সকালে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণ করেছে জাপান। বিকালে হবে শোক সমাবেশ, সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে  ভাষণ দেবেন।

সুনামির বছরপূর্তি সামনে রেখে মঙ্গলবার টোকিওতে এক সংবাদ সম্মলনে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সেই সুনামির পর সাড়ে ৬ লাখ পুলিশ দুর্গত এলাকায় অভিযান চালায়। প্রাথমিক অবস্থায় কিছু মৃতদেহ পাওয়া গেলেও, মিয়াগি প্রদেশে এক হাজার ২৩৬ জন, ফুকুশিমায় এক হাজার ১২৪ জন এবং চিবা প্রদেশের ২ জনের খোঁজ মেলেনি।

এর আগে ১৯২৩ সালে তাইশোও মহাকানতো ভূমিকম্পে টোকিও ও বন্দরনগরী ইয়োকোহামায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ৫ লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল। ১৯ লাখ মানুষ ঘর হারিয়েছিল; সম্পত্তির ক্ষতির পরিমাণই ছিল অন্তত ৬৮ বিলিয়ন ডলার। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।

‘কীভাবে যে বেঁচে গেছি..’

রিও ইশিদা তখন সেন্দাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। খাবারের দোকানের কাউন্টারে লাইনে দাঁড়ানো অবস্থায় বুঝতে পারছেন- সবকিছু দুলছে।”

“জিনিসপত্র সব মেঝেতে ছড়িয়ে পড়লো। কোনো রকমে গাড়ির কাছে গেলাম। বাড়ির দিকে যেতে যেতেই দেখি পথের ওপর আছড়ে পড়ছে বিশাল ঢেউ।”

সেদিন গাড়ি থেকে নেমে দৌড়ে কাছের এক পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছিলেন বলে প্রাণে বেঁচে যান ইশিদা। অনেকেই তা পারেননি।   

“কীভাবে যে বেঁচে গেছি, ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়।”

ওসাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত বাংলাদেশি তরুণ মাহবুব জামান তখন তহকু বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র। তিনিও জানালেন সেদিনের অভিজ্ঞতার কথা।

“জাপানে ছোটখাট ভূমিকম্পতো প্রায় প্রতিদিনই দেখি। কিন্তু ভূমিকম্প কী জিনিস ওইদিন তা টের পেয়েছিলাম। দুপুরে খাওয়ার পর ল্যাবে এসে দেখি জিনিসপত্র সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমার ভবনটি শক্তিশালী হলেও সেদিন যে পরিমাণ দুলছিল তা অকল্পনীয়। মনে হচ্ছিল আজ কেউ বাঁচবে না।”

সেসময় সুনামির পর ফুকুশিমার তেজস্ক্রিয়তার ভয়ে শতাধিক বাংলাদেশি দেশে ফিরে গিয়েছিলেন বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে জাপানে বসবাসরত লেখক প্রবীর বিকাশ সরকার ওইদিন ছিলেন টোকিওতে। সুনামিতে রাজধানীর তেমন ক্ষতি না হলেও ভূমিকম্পের তীব্রতা ঠিকই টের পাওয়া গিয়েছিল।

“আমি তখন আকিহাবারার একটি ভবনের তিনতলায়। সে কি ঝাঁকুনি! ঝনঝন শব্দে দরজা-জানালাগুলো লাফাচ্ছিল। বুকসেলফ আর আলমারি থেকে বই, জিনিসপত্র পড়ে গড়াগড়ি খাচ্ছিল। ট্রেন বন্ধ, মানুষ সব রাস্তা দিয়ে ছুটছিল।

“জানালা দিয়ে দেখলাম, সরু দালানগুলো সুপারিগাছের মতো এপাশ ওপাশ দুলছে, রাস্তায় গাড়িগুলো দুলছে নৌকোর মতো,” বলেন এই রবীন্দ্র গবেষক।

পুনর্গঠন

২০১১ সালের মার্চে ভয়াবহ সেই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় ইয়াতে, ফুকুশিমা, মিয়াগি, সেন্দাই প্রদেশের উপকূলবর্তী এলাকার।

গত পাঁচ বছরে মিনামি সোমা, ইশোনোকি, নোতরি, অফুনাতো, অসুচি মিয়াকু, ইয়ামাদা শহরের বাঁধগুলোকে আগের তুলনায় কয়েকগুণ শক্তিশালী করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট, দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ।

সরকার ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তাঘাট মেরামত করে দিয়েছে। সুনামি দুর্গত প্রতিটি পরিবার পেয়েছে ১৩ মিলিয়ন করে ইয়েন।

মিয়াগির কাসেননুমা শহরে সুনামির দিন ঘর আর বাবাকে হারানো অসুকো অনুধারা বলেন, “সত্যি ব্যাপক পরিবর্তন হয়েছে। সুনামির আঘাতে সব লণ্ডভন্ড হয়ে গেলেও স্থানীয় প্রশাসন এ শহর নতুন করে গড়ে তুলেছে।”

সুনামির পর সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দেখা দেয় ফুকুশিমার ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বাতাস, পানি ও ফসলী জমিতে। তেজস্ক্রিয়ার প্রভাবে গত বছরও ফুকুশিমার এক কর্মী ক্যান্সারে মারা যান। ঘটনার পাঁচ বছর পরও নতুন করে অন্তত ১৬টি শিশুর দেহে ক্যান্সার ধরা পড়ার খবর পাওয়া গেছে।

এ ধরনের বিপর্যয় এড়াতে সুনামির পরপরই জাপানজুড়ে ছড়িয়ে থাকা ৪৮টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় সরকার। অবশ্য এর মধ্যে ছয়টি প্রকল্প গত বছর আবারও চালু করা হয়।