২৬ মার্চ নিউ ইয়র্কে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা
বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা করবে মুক্তধারা ফাউন্ডেশন।
মঙ্গলবার জাতিসংঘ ভবনের সামনে অস্থায়ী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য’ সরিয়ে নেওয়ার সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, “২৬ মার্চ বিকাল সাড়ে ৫টায় জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা থেকে স্বাধীনতা শোভাযাত্রা শুরু হবে।”
শোভাযাত্রাটি ৭৩ স্ট্রিট হয়ে পিএস ৬৯ মিলনায়তনে গিয়ে শেষ হবে বলে জানান তিনি।
বিশ্বজিৎ বলেন, “স্বাধীনতা দিবসে সকাল ১০টায় ডাইভারসিটি প্লাজায় একটি সমাবেশ হবে। এরপর শোভাযাত্রার আগ পর্যন্ত চলবে স্বাধীনতার গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
“২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিউ ইয়র্কে ছয় বছরব্যাপী কর্মসূচির শুরু হবে ওইদিন থেকেই।”
দিনব্যাপী এ আয়োজনে মুক্তিযুদ্ধের ছবি ও বই প্রদর্শনীর পাশাপাশি ১৯৭১ সালে যেসব মার্কিন নাগরিক অবদান রেখেছেন তাদের সম্মাননা দেওয়া হবে বলে জানান তিনি।
আইনমন্ত্রী আনিসুল হকের এ আয়োজনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে বাসরত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে বিশ্বজিৎ জানান।
মুক্তধারা ফাউন্ডেশনের এ প্রতিষ্ঠাতা জাতিসংঘের সামনে থাকা একুশের অস্থায়ী ভাস্কর্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শনের কথাও জানান।
“ভাস্কর্যটি এখন ফিলাডেলফিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে এটি একমাস থাকবে। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভাস্কর্যটি প্রদর্শিত হবে। কানাডায় প্রদর্শনের ব্যাপারেও কথা হচ্ছে।”
