ইউনূস, মাহফুজ, মতিউরের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসকে ‘ওয়ান ইলেভেনের কুশীলব’ আখ্যায়িত করে তাদের শাস্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কয়েকটি সংগঠন।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে নিউ ইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি তোলা হয়।
মানববন্ধনে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।
মানববন্ধনে সংগঠনটির প্রচার সম্পাদক হাজী এনাম বলেন, “১/১১ এর কুশীলব হিসেবে ড. মুহম্মদ ইউনূসেরও বিচার করার সময় এসেছে। তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভবিষ্যতে এমন পরিস্থিতি রোধে।”
নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার বলেন, “সাংবাদিক এবং সম্পাদকীয় প্রতিষ্ঠানের মান-মর্যাদা অটুট রাখার স্বার্থেই মাহফুজ আনামের মত জ্ঞানপাপী সম্পাদকদের বিচার হওয়া দরকার।”
তিনি বলেন, “সাংবাদিকতার নীতি-নৈতিকতা জলাঞ্জলী দিয়ে মাহফুজ আনামরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের চরিত্র হননের মিশন নিয়েছিলেন। দীর্ঘদিন পর হলেও মাহফুজ আনামরা ভুল স্বীকার করেছেন। তাই এখন সময় হচ্ছে এসব ষড়যন্ত্রকারীদের কাঠগড়ায় দাঁড় করানোর।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করাটা ‘ভুল’ ছিল বলে স্বীকার করার পর তীব্র সমারোচনার মুখে পড়েন মাহফুজ আনাম।
এরইমধ্যে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এসব মামলার অধিকাংশই মানহানির, কয়েকটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে।
পাশাপাশি একই সময়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
