যুক্তরাষ্ট্রে মিলনমেলা লন্ডন-নিউইয়র্কের প্রবাসী সাংবাদিকদের
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে কর্মরত প্রবাসী সাংবাদিকরা।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে লন্ডন ও নিউইয়র্কের সাংবাদিকদের মিলনমেলা বসে।
লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমতের সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি নবাবউদ্দিন, জনমতের পলিটিক্যাল এডিটর ইসহাক কাজল, সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী ও লন্ডনের টাওয়ার হেমলেট কাউন্সিলের মিডিয়া অফিসার মাহবুবুর রহমান নিউইয়র্ক সফর করছেন।
এ উপলক্ষে উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘ঠিকানা’র উদ্যোগে ‘সেতুবন্ধন সভা’য় সভাপতিত্ব করেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন।
নিউইয়র্কের প্রধান প্রধান সংবাদপত্র ও টেলিভিশনের সম্পাদক, নির্বাহী পরিচালক ছাড়াও কর্মরত সাংবাদিক-কলামিস্টরা এতে অংশ নেন।
সভায় জন্মভূমি বাংলাদেশের প্রবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে একযোগে কলম চালানোর সংকল্প ব্যক্ত করেন দুই পারের সাংবাদিকরা।
ঠিকানার সম্পাদক লাবলু আনসার বলেন, “প্রবাসে বাংলাদেশের ইমেজ সমুন্নত রাখার লক্ষ্যে অধিকাংশ মিডিয়াকর্মী সোচ্চার রয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে মিডিয়াকর্মীদের অধিকাংশই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করার জন্যে বিশেষ একটি গোষ্ঠির অপতৎপরতা রুখে দিতেও অনেকে সক্রিয় রয়েছে।
“কিন্তু সম্প্রতি মন্ত্রিপরিষদে প্রবাসীদের রাজনৈতিক অধিকারসহ বেশ কিছু সুযোগ-সুবিধা (যা জন্মগত অধিকার) রহিত করার যে বিধি তৈরি করা হয়েছে তা সকল প্রবাসীকে ব্যথিত করেছে।”
তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে এই বিধি বাতিলের দাবি জানান লেখক-কলামিস্ট ফকির ইলিয়াস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জেবিবিএর সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাংবাদিক ইসহাক কাজল।
লন্ডন-নিউইয়র্কের প্রবাসী সাংবাদিকদের মিলনমেলায় মিডিয়া ব্যক্তিত্বরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সাংবাদিক কয়সর আহমদের সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে লন্ডনের সম্পাদকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে শাহীন বলেন, “নিজ দেশে প্রবাসীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে চলেছেন। অনেকের সহায়-সম্পদ বেহাত হয়েছে। স্থানীয় প্রশাসন খুব কম সময়ই প্রবাসীদের ডাকে সাড়া দিচ্ছে।
“এ অবস্থায় প্রবাসের মিডিয়াগুলোকে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ার সময় এসেছে।”
