২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থমেলা উদ্বোধন করতে নিউ ইয়র্কে অর্থমন্ত্রী

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একুশে গ্রন্থমেলা উদ্বোধন করতে যুক্তরাষ্ট্রে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 11:45 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে শুরু হচ্ছে ‘ডাচবাংলা ব্যাংক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে গ্রন্থমেলা’।

গ্রন্থমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, দুই দিনের এই বইমেলায় অর্থমন্ত্রী মুহিতের আত্মজীবনীসহ বেশ কয়েকটি নতুন বই পাওয়া যাবে। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই মেলায় পাওয়া যাবে।

উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থগুলোও পাঠকরা এই মেলায় পাবেন।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি মুহিতের সঙ্গে আরও থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

সোশাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান রেজাউল হক এ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী লসঅ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে এসেছেন। 

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রন্থমেলা চলবে। মেলার দুই দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, একক সংগীত ও নৃত্যানুষ্ঠান। পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও মাতৃভাষা দিবসের ওপর বিশেষ আলোচনারও আয়োজন করা হবে।

গ্রন্থমেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক, রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সোশাল ইসলামিক ব্যাংক লিমিটেড এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক।