আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রে ‘স্মারক সিলমোহর’
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘অমর একুশ’ উদযাপনের ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের চালু করা একটি বিশেষ সিলমোহরের ব্যবহার শুরু হয়েছে।
২২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিসে সব চিঠিপত্রে এই ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর’ ব্যবহার শুরু হয়।
এর আগে বিশেষ এই স্মারক সিলমোহর উন্মোচন করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান।
এ খবর জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ১১ বিশিষ্টজনের কাছে পাঠানো চিঠির খামে এই সিলমোহর ব্যবহারের মধ্য দিয়ে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়।
বিশেষ এই সিলমোহরের বাঁ দিকে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। ওপরের দিকে লেখা রয়েছে ‘সেলিব্রেটিং টোয়েন্টিফাইভ ইয়ার্স অব একুশে ফেব্রুয়ারি, এসটিএ’।
এর নিচে ‘ডিবিবিএল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ লেখা।
এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়েছে ঢাকার ‘ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’ (ডিবিবিএল)।
আগামী একমাস এই সিলমোহর ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, “মায়ের ভাষার জন্যে বাঙালির রক্তদানের অবিস্মরণীয় ঘটনাকে সারাবিশ্বে ভাষা সুরক্ষার প্রতীকে পরিণত করা হয়েছে।
“যুক্তরাষ্ট্রের পোস্টাল ডিপার্টমেন্ট স্মারক সিলমোহর ব্যবহার করে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসকে আরও মহিমান্বিত করল।”
স্মারক সিলমোহর উন্মোচন অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত ২৫ বছর ধরে জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করছে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালির চেতনামঞ্চ।
তবে এবারই প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য’ বা শহীদ মিনার স্থাপিত হয়েছে ফেব্রুয়ারির প্রথম দিন, আর তা থাকবে পুরো মাস।
এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের ‘পাবলিক স্কুল- ৬৯’ মিলনায়তনে শুরু হবে একুশের গ্রন্থমেলা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রধান অতিথি হিসেবে দুই দিনের এই মেলা উদ্বোধনের কথা রয়েছে।
