হোয়াইট হাউজের সামনে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে প্রথমবারের মতো নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেছেন প্রাবাসী বাংলাদেশিরা।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবাসীদের সঙ্গে ভিন্ন ভাষাভাষীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নীলাচল, প্রিয়বাংলাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা।
এ সময় সমবেত কণ্ঠে গাওয়া অমর একুশের সঙ্গীতে মুখরিত হয় হোয়াইট হাউজ।
প্রভাত ফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবাসী নেতারা।
একুশ উদযাপন কমিটির আহ্বায়ক অমর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াশিংটনে বাঙালির ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় সংযুক্ত হল এবং এটি পালিত হলো কর্তৃপক্ষের অনুমোদনেই। এজন্য নির্দিষ্ট সময় পরেই শহীদ মিনারটি সরিয়ে নিতে হয়েছে।”
সামনের দিনগুলোতে আরও ব্যাপক আয়োজনে একুশ উদযাপনে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানোর আশা প্রকাশ করেন অমর ইসলাম।
