২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুক্তরাজ্যে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 11:38 AM

Updated : 11 Oct 2022, 07:48 PM

প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রোববার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়।

পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে স্থাপিত শহীদ মিনারে এদিন সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এম এ হান্নান।

এরপর টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

‘একুশে ফেব্রুয়ারি’কে বাংলাদেশের ‘স্বাধীনতার ভিত্তিমূল’ অভিহিত করে তিনি বলেন, নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের জন্যও এ দিনটি তাৎপর্যপূর্ণ।

“যারা কখনো বাংলাদেশে বসবাস করেননি, দিনটি ঘিরে তারা তাদের ইতিহাস ও সংস্কৃতি জানার সুযোগ পাবে।”

শহীদ মিনারে জন বিগসের সঙ্গে আরও ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর খালেস উদ্দিন, কাউন্সিলর র‌্যাচেল স্যান্ডার্স, স্থানীয় লেবার পার্টির নেতা ক্রিস উইভার্স।

যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য জাতীয় পার্টি, কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি, বৈশাখী মেলা কমিটি, বাংলা টিভিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে লন্ডনের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনে রোববার সকালে রয়েছে আলোচনা অনুষ্ঠানের আয়োজন।