২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ভাষা শহীদ সৌধর দশক পূর্তি 

অস্ট্রেলিয়ার সবচাইতে জনবহুল শহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত স্মৃতিসৌধের দশম বর্ষপূর্তিতে বিভিন্ন সংগঠন নিয়েছে বেশ কিছু কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 06:10 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি সিডনির অ্যশফিল্ড হেরিটেইজ পার্কে প্রতিষ্ঠিত ভাষাশহীদদের স্মৃতিসৌধের দশম বর্ষপূর্তিতে ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’,  ‘অ্যাশফিল্ড সিটি কাউন্সিল’ এবং ‘মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল’ বেশ কিছু কর্মসূচি নিয়েছে।

শুক্রবার বিকালে অ্যাশফিল্ড সিটি কাউন্সিলের মেয়র লুসিলে ম্যাককেন্না আন্তর্জাতিক স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর অ্যাশফিল্ড টাউন হলে মাদার ল্যাংগুয়েজেস কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়া সরকারের মাল্টিকালচারাল মন্ত্রী জন আজাকা, এমএলসি।

এই সেমিনারে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, প্রফেসর গিলাড জাকারম্যান, প্রফেসর মিখাইল ওয়ালশ, রেইনার কারজ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের কয়েকজন মন্ত্রী। 

শনিবার সকালে অ্যাসফিল্ড টাউন হলে সিটি কাউন্সিলের আয়োজনে  হবে ১০২ ভাষার বর্ণমালার প্রদর্শনী। সিভিক সেন্টারের সামনে বাংলাসহ ১৫ টি ভাষা ও সংস্কৃতির অনুষ্ঠান বিকাল পর্যন্ত চলবে। এইদিন দুপুরে মেয়র লুসিলে ম্যাককেন্না অ্যাশফিল্ড লাইব্রেরিতে ‘একুশে কর্নার’ উদ্বোধন করবেন।

সিডনিতে একুশের প্রথম প্রহর, ১২টা ১মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আয়োজনও থাকছে।

স্মৃতিসৌটির উদ্যোক্তা ও উদযাপন কমিটির আহবায়ক নির্মল পাল, সদস্য এনাম হক এবং এহসান আহমেদ অমর একুশের চেতনায় এই আয়োজনে অংশগ্রহণ কররার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

একুশে একাডেমি অস্ট্রেলিয়া বিগত কয়েক বছরের  মতো এবারও একশে বই মেলার আয়োজন করেছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com