২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষায় ‘লিঙ্গ সমতার’ পথপ্রদর্শক বাংলাদেশ: জাতিসংঘ মহাসচিব

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ বাহিনীর নারী সদস্যরা সংস্থাটিতে ‘লিঙ্গ সমতা’ প্রতিষ্ঠায় পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 04:13 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

বুধবার জাতিংসংঘ সদরদপ্তরে ‘আ জার্নি অব আ থাউজেন্ড মাইলস: পিসকিপার’ নামের একটি তথ্যচিত্রের প্রদর্শনীতে মহাসচিব এ কথা বলেন।

হাইতির শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের পাঁচ নারী সদস্যের সাহসী ভূমিকা নিয়ে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।

ওই পাঁচ পুলিশ বিশ্বের প্রথম ‘পূর্ণাঙ্গ নারী শান্তিরক্ষী ইউনিটের’ সদস্য ছিলেন।২০১৩ সালের জুন থেকে এক বছর ইউনিটটি হাইতির ভূমিকম্পবিধ্বস্ত বিভিন্ন অঞ্চল বিশেষ করে কলেরা আক্রান্ত এলাকায় কাজ করে প্রশংসিত হয়েছে।

ইংরেজি, ক্রিয়োল ও বাংলা ভাষায় নির্মিত ৯৫ মিনিটের তথ্যচিত্রে নির্মাতা গীতা গান্দভির ও শারমিন ওবায়েদ-চিনয় হাইতিতে বাংলাদেশের নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রতিকূলতা এবং সেগুলো মোকাবেলায় তাদের ভূমিকা তুলে ধরেছেন।

প্রদর্শনীর শুরুতে মহাসচিব বান কি-মুন তার বক্তৃতায় ‘নানা প্রতিকূলতার মধ্যেও এই ধরনের চ্যালেঞ্জিং দায়িত্ব’ পালন করায় বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের প্রশংসা করেন।

Image
‘আ জার্নি অব আ থাউজেন্ড মাইলস: পিসকিপার’ তথ্যচিত্রের পোস্টার

‘আ জার্নি অব আ থাউজেন্ড মাইলস: পিসকিপার’ তথ্যচিত্রের পোস্টার

Image
প্রদর্শনীর শুরুতে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন

প্রদর্শনীর শুরুতে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন

তিনি বলেন, “তারা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মধ্য দিয়ে শান্তিরক্ষায় লিঙ্গ সমতা আনতেও বাংলাদেশ পথ প্রদর্শক হিসেবে কাজ করছে।”

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ ঘটনাকে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নের একটি অনন্য উদাহরণ’ হিসেবে অভিহিত করে জানান, বর্তমানে হাইতি ও কঙ্গোতে বাংলাদেশের ৮৬২ জন নারী পুলিশ দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ মোতায়েন করা শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ ও পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় অবদান বাড়িয়ে চলেছে।”

জাতিসংঘ পুলিশের উপদেষ্টা স্টেফান ফেলার, সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ও বিশ্বসংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।