পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি যুক্তরাজ্য বিকল্পধারার
মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের কাছে ৫০ বিলিয়ন ডলার দাবি করেছে বিকল্পধারা বাংলাদেশের যুক্তরাজ্য শাখা।
শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ওহিদ উদ্দিন বলেন, “স্বাধীনতার চার যুগের বেশি সময় চলে গেলেও এখন পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ দেওয়া দূরের কথা, এখন পর্যন্ত ক্ষমাও চায়নি।”
পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ওহিদ উদ্দিন বলেন, “১৯৪৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানে লুটতরাজ চালায়।
“তারা শুধু এ দেশের সম্পদই নিয়ে যায়নি, বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারও পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। বাংলাদেশ কোনো সময়ই তার ন্যায্য হিস্যা পায়নি। এখন ক্ষতিপূরণ আদায়ে চাপ সৃষ্টি করা উচিত। একযোগে সোচ্চার হওয়ার উচিত।”
তিনি বলেন, “দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হিটলার ছয় মিলিয়ন ইহুদিকে হত্যা করে এবং ২০০০ সালে ইউরোপের আদালত এজন্য জার্মানিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ায় ধ্বংসযজ্ঞের জন্য ক্ষতিপূরণ দিয়েছে জাপান।
“পাকিস্তানকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ধ্বংযজ্ঞের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।”
লন্ডনে পাকিস্তান দূতাবাসে দুই বার ক্ষতিপূরণের চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাননি দাবি করে ওহিদ উদ্দিন জানান, ৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি সংক্রান্ত আইনি চিঠি তিনি শিগগিরই পাকিস্তান দূতাবাসে হস্তান্তর করবেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
