নিউ ইয়র্কে বরফ সরাতে বেলচা হাতে বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের পূর্ব ঊপকূলে স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষারঝড়ে বরফে ঢেকে থাকা নিউ ইয়র্ক শহরের রাস্তা যান চলাচলের উপযোগী করতে সিটি প্রশাসনের প্রচেষ্টার মধ্যে বেলচা হাতে নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রশাসনের হাজারের বেশি গাড়ি দিন-রাত তুষার সরাতে কাজ করলেও এখনও নিউ ইয়র্কের অনেক আবাসিক এলাকার পরিস্থিতি বেশ নাজুক। বাংলাদেশিদের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের পরিস্থিতিও বেশ খারাপ। ২/৩ ফুট বরফ জমে থাকায় গাড়ি পার্ক করা দূরের কথা, মানুষের হাঁটা-চলাও দুষ্কর হয়ে পড়েছে।
এ অবস্থায় বরফ অপসারণে মাঠে নেমেছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা বৃহস্পতিবার বিকালে বরফ সরাতে কাজ শুরু করেন।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তা থেকে বরফ সরাতে বেলচা হাতে বাংলাদেশি ব্যবসায়ীরা। ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এ সময় অন্যদের মধ্যে জেবিবিএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সহ-সভাপতি মোল্লা এম মাসুদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, ট্রেজারার মো. হারুন সেলিম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন ও আব্দুল আলীম এবং খামারবাড়ির অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুলকে বেশ সক্রিয় দেখা যায়।
গত ২২ ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পূর্ব ঊপকূলের ১১টি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষার ঝড়ে নিউ ইয়র্কে এক বাংলাদেশিসহ ৫০ জনের প্রাণহানি হয়েছে। ৩ ফুটের কাছাকাছি তুষারপাতে ঢেকে যায় সব রাস্তা-ঘাট।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
