২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সংবর্ধিত টিউলিপ

বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে নিউপোর্টের লেবার পার্টি ও প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 12:23 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় নিউপোর্টের ওয়াইএমসিএ হলে এ সংবর্ধনা দেওয়া হয়।

কমিউনিটি নেতা রাজনীতিবিদ শেখ মো. তাহির উল্লাহর সভাপতিত্বে সংবর্ধনায় নিউপোর্টের লেবারদলীয় এমপি জেসিকা মর্ডান, ওয়েলসের অ্যাসেম্বলি সদস্য জন গ্রিফিথস, কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর আলী আহমদ, নারীনেত্রী রুশনারা বেগম বক্তব্য দেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাদিয়া রহমান।

বক্তৃতায় টিউলিপ তার দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্রিটেনে বসবাসকারী নতুন প্রজন্মের বাংলাদেশিদের সেখানকার রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির এই সদস্য আগামী নির্বাচনে লেবার পার্টির পক্ষে সমর্থনও চান।

টিউলিপ পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে তিনি ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে তার চেষ্টার কথা জানান এবং সবাইকে এর প্রচারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে সোয়ানসি টাওয়ার্স হোটেলে এভারঅ্যাভনের লেবার পার্টি আয়োজিত এক চ্যারিটি অনুষ্ঠানে অংশ নেন টিউলিপ।

অনুষ্ঠানে টিউলিপ ছাড়াও এভারঅ্যাভনের এমপি স্টিফেন কিনক, অ্যাসেম্বলি সদস্য ডেভিড রিস ও কাউন্সিলর রবেট জোন্স বক্তব্য দেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com