খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র বিএনপির
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
যুক্তরাষ্ট্র যুবদল, তারেক পরিষদ, ছাত্রদল ও জাসাসও এই মামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশের পর বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবী রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেছেন।
সরকারের অনুমোদনের পর মঙ্গলবার আদালত মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির বিবৃতিতে বলা হয়, “খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার এহেন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ মামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে।”
বিবৃতিতে সই করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
এই মামলা প্রত্যাহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল এবং মহাসচিব জসীমউদ্দিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদও।
দুই বছরের অধিক সময় ধরে বিএনপির যুক্তরাষ্ট্র শাখার কমিটি নেই। এজন্যে দলীয় কার্যক্রম পরিচালনায় সবাইকেই সাবেক পদ-পদবি ব্যবহার করতে হচ্ছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
