প্যারিসে ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব’র দ্বিতীয় বর্ষপূর্তি
ফ্রান্সের প্যারিসে পালিত হয়েছে প্রবাসীদের নিয়ে গড়া বাংলাদেশ ক্রিকেট ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি।
রোববার প্যারিসের মেট্রো হোসের মিলনায়তনে বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ষপূর্তির আয়োজন ।
ফ্রান্স জাতীয় ক্রিকেট লিগে বাংলাদেশ ক্রিকেট ক্লাবটি পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের সংবর্ধনাও দেওয়া এই অনুষ্ঠানে। আর প্যারিসের ক্রিকেটপ্রেমী প্রবাসীদের মধ্যে এই আয়োজন নিয়ে ছিল বাড়তি কৌতুহল। আর এই কারণে কতৃপক্ষকে হলভর্তি দর্শকদের জায়গা দিতে হিমশিম খেতে হয়।
অনুষ্ঠানে অতিথি, ক্লাব কর্মকর্তা এবং খেলোয়াড়রা ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম দলটির অধিনায়ক এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
ক্লাবটির সভাপতি মো. আজিজুল হক সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপুর পরিচালনায় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওভারভিলিয়ে শহরের মেয়র পাসকেল বোধ, ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের সভাপতি প্রভু বালান এবং ফ্রান্স বাংলাদেশ ইকনোমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানের এক পর্যায়ে নভেম্বরে প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সবশেষে প্রবাসী শিল্পীরা নাচ এবং গান পরিবেশন করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
