২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুষারঝড়ে যাত্রী পাব কোথায়’

ভয়াবহ তুষারঝড়ের কারণে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস যেন পরিণত হয়েছে ভূতুড়ে এলাকায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের রাজধানী হিসেবে খ্যাত এ এলাকার যেসব রেস্তোরাঁ ২৪ ঘণ্টা চালু থাকে সেগুলোতেও ঝুলছে তালা। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের ট্যাক্সি চালকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:13 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

শুক্রবার টেনেসি অঙ্গরাজ্য থেকে শুরু স্মরণকালের ভয়াবহ এ তুষারঝড়ের নাম দেওয়া হয়েছে ‘জোনাস’। এর কারণে ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, নিউজার্সি, ওয়েস্ট ভার্জিনিয়া, টেনেসি ও কেন্টাকি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া সিটিতে জারি রয়েছে বিশেষ সতর্কতা।

এ তুষারঝড়ে নর্থ ক্যারোলাইনায় পাঁচজন, টেনেসিতে দুইজন এবং ভার্জিনিয়া ও কেন্টাকিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব এলাকায় বসবাসরত বাংলাদেশিরা যার যার ঘরে অবস্থান করছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি থাকার খবর পাওয়া যায়নি।

ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, নিউ জার্সিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সর্বশেষ পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছেন। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি চালকরা।

নিউ ইয়র্ক সিটিতে ২৫ হাজার, ফিলাডেলফিয়া ও আটলান্টিক সিটি এলাকায় ৫ হাজার এবং ওয়াশিংটন ডিসি, টেনেসি, নর্থ ক্যারোলাইনা, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায় আরও ৫ হাজার বাংলাদেশি ট্যাক্সি চালিয়ে দিনাতিপাত করেন।

তারা শুক্রবার দুপুর থেকেই কাজ ছেড়ে দিয়েছেন। রোববার সন্ধ্যার আগে কেউই কাজে ফিরতে পারবেন বলে মনে করছেন না।

নিউ ইয়র্কে ১৮ বছরের বেশি সময় ট্যাক্সি চালাচ্ছেন বাংলাদেশের ওসমান চৌধুরী।

কী অবস্থা জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তুষারঝড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে যাত্রী পাব কোথায়? এর চেয়ে নিরাপদে ঘরে থাকাই শ্রেয়।”

ওসমান চৌধুরী বলেন, “দুর্যোগের কারণে শুক্রবার থেকে রোববার ভোর রাত পর্যন্ত প্রায় ৮৩০০ ফ্লাইট বাতিল এবং আরও তিন হাজার ফ্লাইট বিলম্বে চলাচল করবে বলে এয়ারলাইন্সের সংবাদ বুলেটিনে জানানো হয়েছে। এর ফলে ট্যাক্সি ড্রাইভারদের যাত্রী পরিবহনের ন্যূনতম সুযোগও কমে গেছে।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com