ধর্মীয় বিদ্বেষ: আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে চার তরুণের মামলা
বিমান থেকে নামিয়ে দেওয়ায় ‘ধর্মীয় বিদ্বেষের’ অভিযোগ এনে ‘আমেরিকান এয়ারলাইনসের’ বিরুদ্ধে নয় মিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা করেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূতসহ চার যুবক, যাদের মধ্যে একজন ভারতীয় শিখও আছেন।
গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ফেডারেল কোর্টে এই মামলা করা হয় বলে বাদীপক্ষের আইনজীবী টাহানি আবুশি জানান।
মামলার বাদী ওই চার যুবক হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত ফাইমুল আলম ও এম কে (সংক্ষিপ্ত নাম), ভারতীয় শিখ শান আনন্দ এবং মধ্যপ্রাচ্যের ডব্লউি এইচ (সংক্ষিপ্ত নাম)। তারা সবাই ব্রুকলিনের বাসিন্দা।
তাদের অভিযোগ, গত ডিসেম্বরে কানাডার টরন্টো এয়ারপোর্টে নিউ ইয়র্কের একটি ফ্লাইট থেকে তাদের জোর করে নামিয়ে দেয় আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়, ফ্লাইট ক্রুরা তাদের বিষয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না।
ব্রুকলিনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাদের আইনজীবী বলেন, অসৌজন্যমূলকভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ায় প্রত্যেকের যে সম্মানহানী হয়েছে, সেজন্য এক মিলিয়ন ডলার করে মোট চার মিলিয়ন ডলার এবং ধর্মীয় বিদ্বেষপূর্ণ আচরণের জন্য আরও পাঁচ মিলিয়ন ডলার, অর্থাৎ মোট নয় মিলিয়ন ডলার দাবি করা হয়েছে মামলায়।
তবে মামলা সংক্রান্ত নোটিস হাতে না পাওয়ার কথা জানিয়ে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যুক্তরাষ্ট্রের এ বিমান পরিবহন সংস্থার কর্মকর্তারা।
অ্যাটর্নি আবুশি সাংবাদিকদের বলেন, “মুসলমান বলেই এ ধরনের আচরণ করা হয়েছে বলে আমার মক্কেলরা মনে করছেন। এটি দণ্ডণীয় অপরাধ।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউ ইয়র্কের ছয় বন্ধু- আলম, এম.কে, আনন্দ, ডব্লিউ এইচ এবং পাকিস্তানি ও হিসপানিক আরও দুজন আলাদা ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে টরন্টোতে বেড়াতে যান। সেখানে কিছুদিন থেকে একসঙ্গে ফেরার সময় ঘটে বিপত্তি।
আনন্দ ও আলম ৭৫ ডলার করে জরিমানা দিয়ে একই ফ্লাইটে অন্য দুই জনের সহ-যাত্রী হন। এয়ারপোর্টে বোর্ডিংয়ের সময় ৭০ ডলার করে দিয়ে তাদের টিকেট বিজনেস ক্লাসে ‘আপগ্রেড’ করা হয়। আনন্দ ও আলম বন্ধুদের পাশে বসার জন্য বিমানের অন্য দুই যাত্রীর সঙ্গে সিট বিনিময় করেন।
কিন্তু বিমান ছাড়ার আগ মুহূর্তে এক শ্বেতাঙ্গ নারী ফ্লাইট অ্যাটেনডেন্টকে ওই চার যাত্রীর বিষয়ে অস্বস্তির কথা বলায় তাদের নামিয়ে দেওয়া হয়।
ফ্যাশন ডিজাইনার ডব্লিউ এইচ সাংবাদিকদের বলেন, “আমি ভেবেছিলাম, বিশেষ কোনো কারণে হয়তো সবাইকে ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাই আমি নেমে আসি। পরে দেখি আর কেউ নামেনি। ফ্লাইট অ্যাটেনডেন্ট আমাকে ব্যাগও নামাতে বলে।”
পরে একইভাবে বাকি তিনজনকেও ফ্লাইট ছাড়তে হয়। অবশ্য তাদের বাকি দুই বন্ধুকে নামানো হয়নি।
ঘটনার সময় বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীরা তাদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করছিলেন বলে অভিযোগ করেন ডব্লিউ এইচ।
পরে এয়ারলাইনসের কর্মকর্তারা তাদের জানান, তারা আসন পরিবর্তন করে একসঙ্গে বসায় সবাই ভয় পেয়েছিল। ফ্লাইট ক্রুরাও স্বচ্ছন্দবোধ করছিলেন না।
অবশ্য আমেরিকান এয়ারলাইন্সের পরের ফ্লাইটে এই চারজনকে টরন্টো থেকে নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়।
চারজনের মধ্যে আলমের বাবা ছিলেন নিউ ইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি। বছরখানেক আগে তিনি মারা গেছেন। আর এম কে’র বাবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন নেতা বলে জানা গেছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
