সংঘাতপূর্ণ এলাকায় নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশের ৫ দফা
সংঘাতপূর্ণ এলাকার সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘে পাঁচ দফা সুপারিশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদে ‘সশস্ত্র সংঘাত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষা’ শীর্ষক এক সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এসব সুপারিশ উপস্থাপন করেন।
সুপারিশগুলো হচ্ছে- নিরাপত্তা পরিষদ ও শান্তিরক্ষী পাঠনো দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা; নিরাপত্তা পরিষদ, সংঘাতে জড়িত পক্ষ ও শান্তিরক্ষী নেওয়া দেশের মধ্যে রাজনৈতিক সমর্থন স্থাপন; সুরক্ষা নিশ্চিতকারী পক্ষ সম্পর্কে অস্পষ্টতা দূর করা; সংঘাতপূর্ণ এলাকার নারী ও শিশুদের প্রতি সহিংসতা শূন্যে নামিয়ে আনতে প্রচার বাড়ানো এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন বাস্তবায়নে সব দেশ ও সংস্থার আরও মনোযোগী হওয়া।
ফাইল ছবি
তিনি বলেন, “শান্তিরক্ষী পাঠানো শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশ সংঘাতপূর্ণ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা নীতি কার্যকরভাবে অনুসরণ করছে।”
গত বছর শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সেনা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে সাধারণ নাগরিকের সুরক্ষার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রশিক্ষণের কারণে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে সক্ষম হচ্ছেন।”
আলোচনা সভায় জাতিসংঘের উপ-মহাসচিব জ্যান ইলিয়াসন সাধারণ নাগরিকের সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
সভায় ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা নাগরিক সুরক্ষায় জাতিসংঘ মহাসচিবের দেওয়া প্রতিবেদনের ওপর মতামত দেন।
তারা বিশ্বব্যাপী সাধারণ নাগরিকের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে ‘জিরো টলারেন্স’ দেখানোর আহ্বান জানান।
