বঙ্গবন্ধুর খুনি ফেরতে উদ্যোগ নেবেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পালিয়ে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাতে আইনি জটিলতার অবসানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন খুনি যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
“আমি এই খুনিকে ফেরৎ চাইতে যুক্তরাষ্ট্রে এসেছি। যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তারা বলেছেন, বিষয়টা ভেবে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবেন।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের হাতে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে।
বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হলেও ছয়জন এখনও পলাতক। তাদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, আমরা তাদের কাছে আর কী চাই? আমি বলেছি, আমরা আর কিছুই চাই না। বাংলাদেশ এখন কারও কাছে হাত পাতে না।
“তারা জঙ্গি নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেছে। আমরা বলেছি, কারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা দিয়ে যেন আমাদের সহায়তা করে।”
সভায় বক্তব্য রাখছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জাসদ নেতা ও সংসদ সদস্য মাইনুদ্দীন খান বাদল, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বক্তব্য দেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
