জামায়াতের সঙ্গে ওলামা লীগও নিষিদ্ধের দাবি নিউ ইয়র্কে
অবিলম্বে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর পাশাপাশি আওয়ামী ওলামা লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে।
রোববার নিউ ইয়র্কে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা আন্দোলন ‘বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভমেন্ট’ এর যুক্তরাষ্ট্র শাখার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে, আওয়ামী ওলামা লীগ ধর্মীয় লেবাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন পরিচয়ে নানা অপপ্রচারের মাধ্যমে সরকার ও সরকারি দলের ভাবমূর্তি নষ্ট করছে।
নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ মাইনরিটি রাইটস ম্যুভমেন্ট’র পক্ষে কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুশীল সাহা বলেন, “আগে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরা অপেক্ষাকৃত কম নির্যাতিত হতো, এখন সব আমলই সমান।
“গত সাত বছরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার যে কোনো আমলের থেকে খুব একটা কম নয়।”
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ‘টাইমলাইন বাংলাদেশ’ নামক একটি সংগঠনের কর্মকর্তা শিতাংশু গুহ।
তিনি বলেন, “বাংলাদেশের অসহায় হিন্দু সমাজের নিরাপত্তার ব্যাপারে সরকারের সীমাহীন নির্লিপ্ততার প্রতিবাদে আজ একইসঙ্গে কানাডা, লন্ডন, প্যারিস, ফ্রান্স, জার্মানি, সুইডেন, জেনেভা, রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কলকাতা এবং সিঙ্গাপুরেও সংবাদ সম্মেলনসহ মানববন্ধন হচ্ছে।”
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে অভিযোগ করে লিখিত বক্তব্যে শুভাশীষ রায় শুভ বলেন, “সদ্যসমাপ্ত পৌরসভা বা স্থানীয় নির্বাচনে আমরা খুশি, যদিও কোনো দলই হিন্দুদের তেমন মনোনয়ন দেয়নি। তাই হাতেগোনা দুই-চারজন ছাড়া কেউ জেতেওনি। ব্লগার হত্যার বিচারে আমরা আনন্দিত এবং আশা করি, এই বিচার ত্বরান্বিত হবে।
যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশের সব খুনের বিচার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এতে বলা হয়, “দেশে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরণে আমরা শঙ্কিত। দেশ সন্ত্রাসমুক্ত হোক আমরা কামনা করি।
“আমরা জামায়াতের সঙ্গেসঙ্গে আওয়ামী ওলামা লীগ নিষিদ্ধের দাবি জানাই। বাংলাদেশ ১৯৭২ এর সংবিধানের আলোকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হোক আমরা তা চাই।”
লিখিত বক্তব্যে সরকারকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, “৩১ মার্চের মধ্যে অন্তত একটি অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে সংখ্যালঘু সমস্যা সমাধানে সত্যিকার অর্থেই বর্তমান সরকার আন্তরিক।”
এ সময় মঞ্চে ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিক মনিকা রায় ও গণজাগরণ মঞ্চের নেতা মুজাহিদ আনসারী।
ঢাকায় ওই সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছিলেন, ওলামা লীগ আদৌ সরকারের অঙ্গসংগঠন কিনা এবং তাদের বক্তব্য সরকারি দলের বক্তব্য কিনা- সে ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিৎ।
সরকার, দেশ ও ধর্মবিরোধী অপতৎপরতা যেভাবে আওয়ামী লীগের নামে চালানো হচ্ছে তাতে জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, “জনগণ বিভ্রান্ত হচ্ছে। এতে করে সরকার ও সরকারি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
