২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের দুটি সভা ‘ভণ্ডুল’

সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন সমর্থিত যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের দুটি সভা বানচাল করে দিয়েছে অন্য চার অংশের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 02:01 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টার ও বাংলাদেশ প্লাজা মিলনায়তনে তারেক পরিষদ ও যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে সভা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চার অংশের ‘সম্মিলিত বিএনপি’র বাধার মুখে তা হতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি নেতা গিয়াস আহমেদ। 

তিনি জানান, গত সপ্তাহে মিলন সমর্থকরা বাদে বিএনপির অন্যান্য অংশের নেতা-কর্মীরা একত্রিত হয়ে ‘যেখানে মিলন-সেখানেই প্রতিরোধ কর্মসূচি’ ঘোষণা করেন।

“এরই ধারাবাহিকতায় বিএনপির নেতা-কর্মীরা মিলন সমর্থিতদের দুটি সভায় উপস্থিত হয়ে মিলনের চাঁদাবাজি আর ধান্দাবাজির বিরুদ্ধে একাত্ম হবার আহবান জানান।”

“ওয়ান-ইলেভেনের দোসর এহছানুল হক মিলন অঙ্গরাজ্য কমিটি গঠনের নামে গুরুত্বপূর্ণ পদগুলো নিলামে তুলেছেন। এর ফলে দীর্ঘদিন ধরে যারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন, তারা হতাশ হয়ে পড়েছেন,” বলেন গিয়াস। 

পরে সভা দুটিতে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে যৌথ সভা করে ‘সম্মিলিত বিএনপি’।

Image
সাবেক প্রতিমন্ত্রী মিলনের সমর্থনে সভা ভন্ডুলের পর নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছেন  বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সাবেক প্রতিমন্ত্রী মিলনের সমর্থনে সভা ভন্ডুলের পর নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছেন  বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন । ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম এ সালাম। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে বর্তমান সরকারের ‘অপশাসন আর দুঃশাসনের’ বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত সুসংহত করার আহ্বান জানান।

সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সম্মিলিত বিএনপির ব্যানারে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে রোববার রাতে ফ্লোরিডায় বিএনপির সমাবেশে মিলন সমর্থিতদের নাজেহাল করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন নিয়ে মিলনের বাণিজ্যের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়েছিল।

“মিলন সমর্থকদের কয়েকজন এখানে এসেছিলেন, কিন্তু ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাদের এ স্থান ত্যাগ করতে বাধ্য করেছে।” 

সম্রাট বলেন, মিলন লন্ডনে থাকলেও বিএনপির কোনো কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। উল্টো লন্ডনে বসবাসরত তারেক রহমানের নাম ভাঙিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপির নতুন কমিটি গঠনের নামে চাঁদাবাজি করছেন।

একই অভিযোগ করেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

Image
সরকারের পদত্যাগ দাবি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তি নির্বাচনের দাবিতে নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় সম্মিলিত বিএনপির বিক্ষোভ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সরকারের পদত্যাগ দাবি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তি নির্বাচনের দাবিতে নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় সম্মিলিত বিএনপির বিক্ষোভ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় ‘ত্যাগী নেতাকর্মীদের বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে’।

এ কারণে মিলনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা ‘চরম ক্ষুব্ধ’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে মিলনের বিরুদ্ধে এসব অভিযোগ মানতে নারাজ তার সমর্থক বলে পরিচিত নিউ ইয়র্ক রাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি বলেন, “বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপির চলমান কর্মসূচির প্রতি মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক জনমত জোরদারে মোটা অর্থ দরকার।

“এ কথাই সাবেক প্রতিমন্ত্রী মিলন অঙ্গরাজ্য ও শাখাসমূহের নেতৃত্বকে জানিয়েছেন। এরমধ্যে দোষের কিছু দেখি না।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com