বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রবাসীদের ‘ঐক্যের আহ্বান’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিউ ইয়র্কে এক সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীদের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
একাত্তরে মুক্তিযুদ্ধের পর পাকিস্তানে বন্দিদশা থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রেও নানা কর্মসূচি পালন করেন প্রবাসীরা।
রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি সেন্টারে ‘সার্বজনীন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির’ ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউজার্সির কাউন্সিলম্যান ও বিজ্ঞানী ড. নূরন্নবী।
তিনি বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি ও আদর্শকে সমুন্নত রাখার মধ্য দিয়েই সমৃদ্ধশালী বাংলাদেশ রচনা সম্ভব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। প্রবাসীদেরকেও ঐক্য গড়তে হবে একাত্তরের রাজাকারদের বিচার শেষ না হওয়া পর্যন্ত।”
“সুদূর এই প্রবাসেও ওরা কাড়ি কাড়ি অর্থ বিলাচ্ছে মার্কিনীদের বিভ্রান্ত করার জন্য। এ ব্যাপারে সচেতন প্রবাসীদের সজাগ থাকতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীদের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর এবং যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
