২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতি রুখতে দ্রুত আইন চাই

খালেদা জিয়া এবং গয়েশ্বর রায়ের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষাপটে ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’র আলোচনায় উঠেছে এই দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 05:24 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃতি কিংবা আপত্তিকর মন্তব্য করা কোনো বিবেচনাতেই মতপ্রকাশের অধিকারের মধ্যে পড়ে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রুখতে পশ্চিমা দেশগুলোতে বিদ্যমান ‘হলোকাস্ট ডিনায়াল ল’ এর আদলে বাংলাদেশেও দ্রুত আইন প্রনয়ণ করা দরকার। টরন্টোতে মত প্রকাশের বিকল্প মিডিয়া ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’র সংলাপে বক্তারা এই দাবি জানান।

রোববার রাতে ডেনফোর্থের ক্রিয়েটিভ ফিল্মস এর স্টুডিওতে এই সংলাপটি রেকর্ড করা হয়।

সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রগতিশীল রাজনৈতিক উদ্যোগ- পিডিআই’র যুগ্ম আহবায়ক বিদ্যুৎ দে, ‘নতুনদেশ’র প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, ব্লগার শামান সাত্ত্বিক এবং কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স।

বাংলাদেশসহ সমসাময়িক আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের উপর টরন্টোতে বসবাসরত  মুক্তচিন্তার রাজনীতিক, লেখক-সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের বক্তব্য তুলে ধরার অনলাইন প্ল্যাটফর্ম এই ‘হ্যালো, টরন্টো থেকে বলছি...’।  টক শোর আদলে ‘চিন্তাশীল’ মানুষদের মতামত ধারণ করে তা  অনলাইনে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয়।

এ প্রসঙ্গে ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’র অন্যতম উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা এনায়েত করীম বলেন, ‘বাংলাদেশ এবং বিশ্বের সমসাময়িক ঘটনাবলী আমাদেরও স্পর্শ করে। কিন্তু সেগুলো প্রকাশের নিজস্ব কোনো মাধ্যম আমাদের নেই। তাই বিকল্প মাধ্যমে আমরা আমাদের ‘ভয়েস’ তুলে ধরছি। ‘হ্যালো, টরন্টো থেকে বলছি..’ এই উদ্দেশ্য নিয়েই কাজ করছে।’

এই পর্বের আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং গয়েশ্বর রায় কর্তৃক শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে  বিদ্যুৎ দে বলেন, ‘তাদের এই বক্তব্যে আসলে  বিএনপির রাজনৈতিক আদর্শ এবং বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। দেশের জন্মের ইতিহাস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্ক তুলে দিয়ে তারা নতুন প্রজন্মের মনেও রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে চায়।’

সাংবাদিক শওগাত আলী সাগর বলেন, ‘‘১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে বিভৎস গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আমাদের কাজ করার কথা, অথচ আমাদের শহীদের সংখ্যা নিয়ে বিতর্কে সময় ব্যয় করতে হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘অপরাধীদের প্রবণতাই থাকে নিজের অপরাধকে অস্বীকার করা, নিদেনপক্ষে হালকা করে দেওয়ার। বিএনপি এখন পাকিস্তানী হানাদার বাহিনীর ঘাতকদের অপরাধকে হালকা করে দেওয়ার মিশন নিয়ে মাঠে নেমেছে।’’

তিনি মিডিয়ার সমালোচনা করে বলেন, ‘‘একটি বড় রাজনৈতিক দল সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে, অথচ মিডিয়া সেগুলো প্রচার করে বিতর্ককে জিইয়ে রাখতে সহায়তা করছে। মিডিয়া যুগপৎ সম্পাদকীয় লিখে এবং বিএনপি যে বিকৃতি করছে সেটিই সরাসরি সংবাদ পরিবেশন করে সত্য ইতিহাসের পক্ষে দাঁড়াতে পারতো।’’

ব্লগার শামান সাত্ত্বিক বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে বিএনপি আসলে পাকিস্তানীদের অপরাধকে আড়াল করার চেষ্টাই করছে। অথচ একাত্তরে ৩০ লাখ বাঙালির আত্মত্যাগের হিসাবটি ঐতিহাসিকভাবেই প্রমাণিত।’

আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুলে বিএনপি সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে তার খেসারত দিয়েছে। এই নির্বাচনে তাদের মোট প্রাপ্ত ভোটের হার বেশ কমে গেছে।’

সঞ্চালক আহমেদ হোসেন বলেন, ‘একটি জাতির জন্মের ইতিহাস সম্পর্কে মিথ্যাচার এবং অবমাননাকর বক্তৃতা বিবৃতি রাজনীতিতে চলতে পারে না।’ এই অপতৎপরতা বন্ধে দ্রুত আইনি কাঠামো নির্মাণের দাবি তোলেন তিনি।

পুরো আলোচনাটির ভিডিও দৃশ্য ধারণ করেছেন, এনায়েত করীম। তাকে সহায়তা করেছেন আমিনুল ইসলাম খোকন, মণীষ রফিক, বিদ্যুৎ সরকার।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com