২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি বাড়ল যুক্তরাষ্ট্রের ১৪ অঙ্গরাজ্যে

নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্য ও কয়েকটি শহরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। এসব স্থানে এখন থেকে প্রতিঘণ্টার মজুরি হিসাবে মালিকদের ফেডারেল প্রশাসন নির্ধারিত সাত দশমিক ২৫ ডলারের বেশি গুণতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 11:52 AM

Updated : 12 Apr 2022, 01:08 AM

আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, হাওয়াই, ম্যাসেচুসেটস, মিশিগান, নেব্রাস্কা, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, সাউথ ডাকোটা, ভারমন্ট এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় নতুন বছরের প্রথম দিন থেকে বর্ধিত মজুরি কার‌্যকর করা হয়েছে।

সবচেয়ে বেশি মজুরি বেড়েছে ক্যালিফোর্নিয়া ও ম্যাসেচুসেটসে। এ দুই রাজ্যে এখন প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি ১০ ডলার। অন্য অঙ্গরাজ্যগুলোয়ও ন্যূনতম মজুরি আট ডলারের ওপরে থাকবে।

যেসব শহরে মজুরি বেড়েছে, তার মধ্যে সিয়াটল, লস এঞ্জেলেস এবং সানফ্রান্সিসকোয় শ্রমিকরা এখন ঘণ্টায় ১৩ ডলার করে পাবেন।

২০১৪ সালে কংগ্রেসনাল বাজেট কার্যালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী, মজুরি বাড়ানোর এ সিদ্ধান্তের তাৎক্ষণিক সুফল ভোগ করবেন এক কোটি ৬৫ লাখ আমেরিকান। দারিদ্র্যমুক্ত হবে নয় লাখ নাগরিক।

মজুরি বাড়ানোর দাবিতে বছর দুয়েক ধরেই যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলন চলছিল। ২০১৪ সালে ন্যূনতম মজুরি ১০ দশমিক ১০ ডলার করার প্রস্তাব ডেমোক্রেটরা কংগ্রেসে উত্থাপন করলেও রিপাবলিকানদের সমর্থন না পাওয়ায় তা ভেস্তে যায়।

মজুরি বাড়ানোর দাবিতে সম্প্রতি দেশটির ২৭০টি শহরে একযোগে বিক্ষোভ করে নাগরিকরা। এরই প্রেক্ষিতে ১৪টি অঙ্গরাজ্য ও কয়েকটি শহরে ন্যূনতম মজুরি বাড়ল।

ওয়াশিংটনসহ ২৯টি অঙ্গরাজ্যে মজুরি আগে থেকেই ফেডারেল প্রশাসন নির্ধারিত ৭ দশমিক ২৫ ডলারের বেশি ছিল।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com