২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোটে ‘নৌকার’ জয় উদযাপন যুক্তরাষ্ট্রে

সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের বিজয় নানা আয়োজনে উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 12:58 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, “সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধের নামে বিএনপি জোটের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যালট বিপ্লব ঘটেছে। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধেও জনগণ রায় দিয়েছে।”

আবুল হাসিব মামুন বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিরুদ্ধে বিএনপি ও তার মিত্রদের সাম্প্রতিক অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীর দাঁতভাঙ্গা জবাব এসেছে পৌর নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিপুল বিজয়ের মধ্য দিয়ে।”

অন্যদিকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত বিজয় উল্লাসে সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি এম জহির।

বক্তারা পৌর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে বিজয়ী পৌর মেয়ররা নিরলস ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

গত ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা।

বেসরকারি ফলাফলে ২২৭টি পৌরসভার মধ্যে নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন ২২টিতে।