স্পেনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ
একাত্তরে গণহত্যার কথা অস্বীকারের প্রতিবাদে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রজন্ম ৭১, স্পেন শাখা।
সোমবার ২৮ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে প্রজন্ম ৭১-এর উদ্যোগে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শত শত বাংলাদেশি। পাকস্তানি সেনাবাহিনী কর্তৃক একাত্তরে ত্রিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারীর উপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, এখন পাকিস্তান এই সব ঘটনা অস্বীকার করছে। ওরা বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
পাকিস্তানের এইসব ঘৃণিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
বক্তৃরা একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানি সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
প্রজন্ম ৭১, স্পেন শাখার আহবায়ক রিজভী আলমের সভাপতিত্ব এবং সদস্য সচিব তারিক হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন জাকির হোসেন, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, বদরুল আলম, আবদুল কাদের, আজম খান, রুবেল খান,দবির তালুকদার, রফিকুল ইসলাম, আকতার হোসেন ,শাখায়াত বাবলু, মো. জাকির হোসেন প্রমুখ।
প্রজন্ম ৭১-এর পূর্বঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় মাদ্রিদ পুলিশ। দুই প্লাটুন পুলিশ মোতায়েন করে পাকিস্তান দূতাবাসের সামনে। অল্প কয়েকজনকে পাকিস্তান দূতাবাসের সামনে মানববন্ধনের অনুমতি দেয়। অনুষ্ঠানে যোগ দিতে আসা আরও শত শত প্রবাসীকে পুলিশ পাকিস্তান দূতাবাসের প্রধান ফটকের বাইরে আটকে দেয়। তারা সেখানে দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে স্পেনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মারকলিপি দিতে যান প্রজন্ম ৭১ নেতৃবৃন্দ। কিন্তু দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণে অপরাগতা প্রকাশ করা হলে তারা ডাকযোগে স্মারকলিপি পাঠিয়ে দেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
