প্রবৃদ্ধির মূলে স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন: আতিউর
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এই কথা বলেছেন।
মঙ্গলবার জেদ্দার বাংলাদেশ কনসুলেটে প্রবাসী সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সৌদি অ্যারাবিয়ান মনিটরি এজেন্সি, আইডিবি এবং আইএফএসবি বোর্ড সভায় যোগদান শেষে এই মতবিনিময়ে ড. আতিউর রহমান বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ বিস্মিত, তারা চার-পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করছে আর বাংলাদেশ ছয় শতাংশের উপর প্রবৃদ্ধি ধরে রাখছে কয়েক বছর ধরে।”
গভর্নর আরও বলেন, “বাংলাদেশের অর্থব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, অনিয়ম দূর করে স্থিতিশীল করা হয়েছে। তাছাড়া অন্তর্ভূক্তিমূলক অর্থায়নের মাধ্যমে অর্থ নিয়ে যাওয়া হয়েছে সবার কাছে, সহজতর উপায়ে। ফলে সাধারণ মানুষও আজ অর্থনৈতিক সেবা পাচ্ছে।”
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত নভেম্বর মাসের রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবর মাসের চাইতে ১৪ শতাংশ বেশি হয়েছে। বছরশেষে বাণিজ্য ভারসাম্যে অতিরিক্ত আয় থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।”
আতিউরের মতে, প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতি শক্তিশালী করছে। গত বছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ এ বছর আরও বাড়বে বলে মনে করেন গভর্নর।
প্রবাসীরা আগের চাইতে সচেতন এবং ক্ষুদ্র-মাঝারি বিনিয়োগে আগ্রহী হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ ক্ষেত্রে এসএমই লোন সুবিধাসহ ব্যাংকের সেবা নিশ্চিত করতে এবং হয়রানি দূর করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।”
প্রবাসীদেরকে বন্ড কিনে বিনিয়োগের আহবান জানিয়ে আতিউর বলেন, “শীঘ্রই এক বিলিয়ন ডলারের আইএফসি বন্ড ছাড়া হবে, যা প্রবাসীরা কিনতে পারবে। বন্ড কেনা, অ্যাকাউন্ট খোলাসহ ব্যাকিংসেবা অনলাইনে করার চেষ্টা চলছে।” ফ্ল্যাট কেনা অথবা বাড়ি নির্মাণে প্রবাসীদেরকে সহজশর্তে ব্যাংক ঋণ দেয়ার জন্যেও কাজ হচ্ছে বলে জানান তিনি।
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন, রিয়াদের বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর, বাণিজ্য আবুল হাসান এবং জেদ্দার শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
