বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেদ্দায় শোকসভা
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় এক শোকসভায় অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার ‘জেদ্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু কেবল আমাদের একটি স্বাধীন দেশ আর একটি লাল-সবুজ পতাকাই দিয়ে যাননি, সমুদ্র আইন পাশ এবং মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক সীমানা নির্ধারণের দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে গেছেন।”
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হারানোর গভীর শোককে শক্তিতে রূপান্তরিত করে তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন; বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার।”
‘জেদ্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র সভাপতি মো. তাজুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সভায় শাহরিয়ার আলম আরও বলেন, “বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান চিহ্নিত হয়েছে এবং সরকারের চলতি মেয়াদে অন্তত একাধিক খুনিকে ফাঁসিতে ঝোলানো সম্ভব হবে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে।
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রবাসীদের হাতে দেওয়ার কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শোকসভায় উপস্থিত প্রবাসীরা।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ পরিকল্পনাসহ বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পরিচালিত স্কুলগুলোর জন্য সৌদি সরকারের কাছ থেকে জমি সংগ্রহের কূটনৈতিক চেষ্টা চলছে বলে জানান তিনি।
দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত গোলাম মসীহ। আরও উপস্থিত ছিলেন কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, কাউন্সিলর মো. মোকাম্মেল হোসেন, কনসাল আজিজুর রহমান, মুক্তার হোসেন, মাহমুদুল হাসান শামীম, কাজী নেয়ামুল বশির, কাজী নওফেল,ফজলুল কবীর ভিকু, মো. হুমায়ূন কবীর, সারতাজুল আলম দিপু, খন্দকার আবুল কালাম আজাদসহ অনেকে।
