মালয়েশিয়ায় হয়েছে বাংলাদেশি স্টুডেন্টস নাইট
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়েছে বাংলাদেশি স্টুডেন্টস নাইট।
শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে ইউনিভার্সিটি মালায়ার দিওয়ান তুংকু চ্যান্সেলরের গ্র্যান্ড হলে চতুর্থবারের মতো হয়েছে বাংলাদেশি স্টুডেন্টস নাইট।
মালয়েশিয়াতে বাংলাদেশি স্টুডেন্টস নাইট নামে প্রবাসী শিক্ষার্থীদের এই মিলনমেলা প্রথম অনুষ্ঠিত হয় ২০১২ সালে। আয়োজক সংগঠন ছাড়াও মালয়েশিয়ায় বিভিন্ন প্রদেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরু হয় বাংলাদেশ এবং মালয়েশিয়ার জাতীয় সংগীত দিয়ে।
উদ্বোধনী বক্তব্যের পর দেশাত্ববোধক গানের সঙ্গে লাল সবুজ সাজে দলীয় নৃত্য পরিবেশন করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে।
মিডনাইটস চিলড্রেন নামের একটি ব্যান্ড, যার মূল গায়ক একজন রাশিয়ান শিক্ষার্থী, কয়েকটি প্রচলিত বাংলা ব্যান্ডের গান পরিবেশন করে দর্শকদের জন্য।
আলাদাভাবে চোখে পড়েছে ‘ইসলামিক ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের পরিবেশনা। পল্লীগীতি এবং দেশাত্ববোধক গানের সঙ্গে দলীয় নৃত্যও পরিবেশন করেছে এরা। এছাড়া ইউনিভার্সিটি মালয়া’র প্রবাসী শিক্ষার্থীদের ‘বিটবক্সিং’ দর্শকদের নজর কাড়ে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক একটি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার তার বক্তব্যের পর লাকি কুপন ড্র এবং কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মিলনায়তনের বাইরে ছিল কুয়ালালামপুরের বাংলাদেশি রেস্তোরাঁ “রসনা বিলাস”র ফুডস্টল। দেশি খাবারের স্বাদ বঞ্চিত প্রবাসী শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বিদেশকেও এখান থেকে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা ইত্যাদি খাবার খেতে দেখা গেছে। এছাড়াও ছিল কিছু দেশি পণ্যের স্টল।
অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করে বাংলাদেশের ব্যান্ড শূন্য। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘মহাজন’, ‘ভাগো’ ইত্যাদি কয়েকটি জনপ্রিয় গানের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি শিক্ষার্থীদের জন্য কয়েকটি জনপ্রিয় ইংরেজি গানও পরিবেশন করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
