‘সাইবারজায়া হোম ডেলিভারি’
নোয়াখালীর চাটখিল থেকে মাহবুবুল আলম টুটুল মালয়েশিয়ায় আসেন ২০০৮ সালের জুনে। কুয়ালালামপুরে একটি সিনেমা হলের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে পেতেন ৭০০ রিঙ্গিত।
পরিচ্ছন্নতাকর্মীর হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাস শেষে হাতে রাখতে পারতেন সামান্য অর্থই।তাই দেশে পরিবারের জন্য মাঝে মাঝেই কোন টাকা পাঠাতে পারতেন না।
সেই টুটুল এখন সাতজন কর্মচারী নিয়ে চালাচ্ছেন ‘সাইবারজায়া হোম ডেলিভারি’। পাশাপাশি এখানকার দুটি বিশ্ববিদ্যালয়েও খাবারের স্টল চালাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে গড়া সাইবারজায়াকে কার্যত মালয়েশিয়ার প্রযুক্তি ও বাণিজ্যিক রাজধানী বলা যায়।
টুটুল চলমান ব্যবসার পাশাপাশি এখানকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও খাবারের স্টল নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
তিনি মনে করেন, ব্যবসায় আগাম ও বহুমুখী চিন্তা করে রাখা জরুরি।
মাহবুবুল আলম টুটুল
উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করলেও টুটুল তার ব্যবসার প্রসারের জন্যই প্রযুক্তি ব্যবহারের ঝুঁকেছেন এবং তাতে ফল পেয়েছেন বলেও দাবি তার।
টুটুল বলেন, “শুরুর দিকে হাজার দুয়েক কপি প্রচারপত্র ও মেন্যু ছাপিয়ে বিতরণ করেও প্রথম দিন অর্ডার পেয়েছি ১০/১২টার মতো, পরের দিন তাও না।
“বুঝলাম সাইবারজায়ায় ব্যবসা করতে হলে ইন্টারনেটের দিকে ঝুঁকতেই হবে। ফেইসবুকে পেইজ খুললাম আর তারপর থেকে বাড়তে থাকল অর্ডার।”
২০১৬ সালের মধ্যে নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ করার পরিকল্পনা জানিয়েছেন তিনি।
সাইবারজায়াতে খাবার ও হোম ডেলিভারির ব্যবসায় জড়িত আছেন আরও কয়েকজন বাঙালি। টুটুলের দাবি, সাইবারজায়ার ২৫ শতাংশ খাবার ডেলিভারির কাজ করছেন বাঙালিরা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় কর্মচারীদের বেতন পরিশোধ করার পরও মাস শেষে কয়েক হাজার রিঙ্গিত আয় করতে পারছেন।
“যেদিন ডেলিভারির কাজ শুরু করি, সেদিন আমার পকেটে ছিল ৩০ রিঙ্গিত, আর আজকে আমি এইখানে! অনেক কষ্ট হইছে কিন্তু মালয়েশিয়াত আইছি যখন, জিত্তাই যামু, হাইরা যামু না!”
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
