সিজারের শহরে বাঙালির পূজা!
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হয়েছে ইতালির রাজধানী রোমে।
এক সময়ের পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের ‘চিরন্তন’ রাজধানী ইতালির রোম শহর পূজার আয়োজন করেছে বাঙালি প্রবাসীরা। আর রোমান সাম্রাজ্যের আলোচিত সম্রাট জুলিয়াস সিজারের এই শহরে ভিয়া দেল ইরপিনিয়াতে ‘হিন্দু পূজা উদযাপন কমিটি’ এবং তরপিনাত্তারায় ‘ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোসাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’ আয়োজন করেছে শারদীয় দুর্গাপূজার।
রোমে অন্যান্য বছরের মত এবারও আয়োজনের কমতি নেই! শারদীয় পূজা আয়োজনকারীদের ভাষ্যে, এবারের দূর্গাপুজা এমন একসময় হচ্ছে যখন পৃথিবীজুড়ে অনেক স্থানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে এবং অস্থিরতা আর অশান্তি বিরাজ করছে। দুর্গার কাছে প্রার্থনা অসুর শক্তির বিনাস ঘটিয়ে আবার যেন ফিরে আসে শান্তি, এমনটাই আশা আয়োজনকারীদের।
এসময় হিন্দু পূজা উদযাপন কমিটি সভাপতি মিলন দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুপেন কান্তি দাশ এবং ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোসাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপ কুমার, সাধারণ সম্পাদক রাম কানাই সাহাসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।
দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান।
