২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যর্থতা ঢাকতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার’

বিএনপি যুক্তরাষ্ট্র শাখা ও তারেক পরিষদের যৌথ সংবাদ সম্মেলনে এক প্রবাসী নেতা অভিযোগ করেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের ব্যর্থতা ঢাকতে সরকার এর দায় জাতীয়তাবাদী দলের উপর চাপাতে অপপ্রচার চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2015, 08:42 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন হয়েছে।

এই সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “ ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন চালানো হয়েছে তার জের এখনও চলছে। জনগণের সমর্থনের তোয়াক্কা না করে পেশীশক্তি দিয়ে সরকার তার আয়ু বাড়াতে চাচ্ছে। এজন্যেই বিদেশিদের যারা হত্যা করছে তাদের গ্রেফতারের কোন উদ্যোগ না নিয়ে বিরোধী দলকে কাঠগড়ায় দাড় করানোর জঘন্য অপচেষ্টা চলছে। সরকারের এ ধরনের জঘন্য মনোবৃত্তির তীব্র নিন্দা এবং অবিলম্বে প্রকৃত ঘাতকদের খুঁজে বের করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ। প্রকৃত ঘাতকদের আড়াল করার চেষ্টা অব্যাহত থাকলে এই প্রবাস থেকেই ১/১১ এর সময়ের মত দুর্বার আন্দোলন রচনার বিকল্প থাকবে না।”

আর তারেক পরিষদের আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আকতার হোসেন বাদল তার বক্তব্যে অভিযোগ করেন, “দুই বিদেশি হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর মিশন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। এজন্যেই তারা  হত্যাকাণ্ডের দায় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ওপর চাপাচ্ছে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যা খুশি তাই বলছে।”

এ সংবাদ সম্মেলন পরিচালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী, তারেক পরিষদের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন, আনিসুর রহমান এবং মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর শাহীর ও হুমায়ূন আহমেদ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com