২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী নাদিয়া খুনের বিচার দাবি নিউ ইয়র্কে

চট্টগ্রামের সন্দ্বীপে স্কুলছাত্রী সুমাইয়া ইসলাম নাদিয়াকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন করেছেন একদল প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 08:48 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

স্কুলছাত্রী হত্যা: সন্দ্বীপে ৩ সন্দেহভাজন আটক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত শিশু-কিশোর নির্যাতন ও হত্যায় জড়িতদেরও শাস্তি দাবি করেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রুকলিনে বাঙালি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে এই মানববন্ধনের আয়োজন করে রহমতপুর কল্যাণ সমিতি।

সন্দ্বীপের রহমতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পিতৃহীনা নাদিয়া গত রোববার স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। পরদিন দুপুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

Image
মানববন্ধনের পরে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত নাদিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন নিউ ইয়র্ক প্রবাসীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মানববন্ধনের পরে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত নাদিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন নিউ ইয়র্ক প্রবাসীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মানববন্ধনে রহমতপুর জনকল্যাণ সমিতির সভাপতি হানিফ মাহমুদ আকবর বলেন, “১৩ বছর আগে বাবা হারানো নাদিয়াকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার আশা ছিল তার মায়ের। নরপশুরা সেই স্বপ্ন শেষ করে দিয়েছে। তাদের প্রতি ক্রোধ-ঘৃণা ও ক্ষোভের সীমা নেই।

“সন্ত্রাসী, ধর্ষক আর ঘাতকের কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওরা মানবতার শত্রু। আর কোনো নাদিয়ার সম্ভ্রম ও জীবন যাতে না হারায় সেজন্য জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।”

এই দাবিতে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে কম্যুনিটি নেতা দেলোয়ার হোসেন, এন আমিন, মোস্তফা কামাল পাশা বাবুল, আবুল কাশেম, লুৎফুল করিম, নূরল ইসলাম নজরুল, ফিরোজ আহমেদ, মাহফুজুল মাওলা নান্নু, আব্দুল মোমেন সোহেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি এন আমিন নিহত নাদিয়ার মায়ের জন্যে ৫০০ ডলার দেওয়ার ঘোষণা দেন।