২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ফখরুলের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের তিন জ্যেষ্ঠ নেতার বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার নিউ ইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে আব্দুল মঈন খান, সাদেক হোসেন খোকা ও এহসানুল হক মিলন অংশ নেন।

চিকিৎসার জন্য গত ১১ অগাস্ট সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। তিনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যান ২৭ জুলাই।

বিএনপির সহ-সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা গত বছরের ২৬ মে থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন।

আর বড় মেয়েকে এমআইটিতে পিএইচডি কোর্সে ভর্তি করার জন্য নিউ ইয়র্কে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এছাড়া জুলাই থেকে নিউ ইয়র্কে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন।

সাদেক হোসেন খোকা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. মঈন খান আমার খোঁজ-খবর নিতে এসেছিলেন। সে সময় এহসানুল হক মিলন, দলের মহাসচিবসহ আমরা একসঙ্গেই ছিলাম।”

“আমরা চারজন কিছুটা সময় কাটাই এবং কুশল বিনিময় হয়। সাক্ষাতের সময় আমরা বিএনপির সর্বশেষ অবস্থা নিয়ে কিছু কথা হলেও আমাদের চিকিৎসার ব্যাপারটিই প্রাধান্য পায়।”

সিঙ্গাপুর থেকে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর সেখানে উপস্থিত নেতাকর্মীদের মির্জা ফখরুল জানিয়ে দেন, জামিন পেয়ে তিনি চিকিৎসার জন্যে এসেছেন, রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নেবেন না।

নিউ ইয়র্কে হোটেলে বিএনপির কেন্দ্রীয় নেতা ছাড়া অন্য কাউকে সাক্ষাৎও দিচ্ছেন না ফখরুল।

তবে ওয়াশিংটন ডিসিতে বসবাসরত ওসমান ফারুককে বিএনপির অনুষ্ঠানে নিতে দেখা গেলেও এহসানুল হক মিলন কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন না।

নিস্ক্রিয়তার অভিযোগে দলের মধ্যেই সমালোচনায় থাকা সাদেক হোসেন খোকাও যুক্তরাষ্ট্রে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গেলেন ফখরুল
সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে