প্যারিসে হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব
এ আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’।
ফ্রান্সের প্যারিসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব।
প্রবাসীদের সংগঠন ‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’ ফ্রান্স শাখার উদ্যোগে রোববার বিকেলে প্যারিসের একটি হলে এ আয়োজন করেন তারা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফয়সাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন স্কটিশ সংসদ সদস্য ফয়সল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ, ইকবাল আহমদ, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী এবং বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ ফয়জুল হক।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ছিল উৎসবের বিভিন্ন পর্ব। সাংস্কৃতিক পর্বে গান শোনান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা।
এছাড়া বাংলাদেশি কমিউনিটিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
ফ্রান্সের বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও বাংলাদেশ থেকে প্রবাসীরা এ উৎসবে অংশ নেন।
