২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজায় বাংলাদেশ লেডিস ক্লাবের নবান্ন উৎসব

প্রায় ২ হাজার প্রবাসী নারীর এ সংগঠন ঋতুভিত্তিক নানা উৎসব আয়োজন করে আসছে।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 02:55 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নবান্ন উৎসব ও বনভোজন করেছে ‘বাংলাদেশ লেডিস ক্লাব’।

স্থানীয় সময় শনিবার শারজার একটি ফার্ম হাউজে এ আয়োজন করেন তারা।

এতে আবুধাবি, দুবাই, রাস আল খাইমা, ফুজাইরা, শারজা ও আজমান থেকে প্রবাসী নারীরা শাড়ি চুড়িতে বাঙালি সাজে যোগ দেন। পরিবারের সদস্যদেরও নিয়ে আসেন অনেকে।

দিনব্যাপী এ আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠাপুলির প্রতিযোগিতা। নানা স্বাদের নানা ব্যঞ্জনের রসনা বিলাসী দেশীয় পিঠাপুলি নিয়ে আসেন নারীরা। এছাড়া ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব, শরিফা সুনিক, রোমানা আক্তার ও কার্যকরী সদস্য তানিয়া আহমেদ। পিঠা প্রতিযোগিতায় বিজয়ী হন জুসি আরাফাত, রেখা মারিয়ুম, রোজিনা হোসাইন ও সাফিনা।

প্রায় ২ হাজার প্রবাসী নারীর সংগঠন এ ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন জানান, গত ছয় বছর ধরে বাংলাদেশি নারীরা সম্মিলিতভাবে দেশটিতে ঋতুভিত্তিক নানা উৎসব আয়োজন করছে।

সংগঠনের সভাপতি লাবণ্য আদিল বলেন, “আমাদের মূল লক্ষ্য- প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়া। দেশে আমরা প্রতিটি ঋতুর ছোঁয়া পেয়েছি, হেমন্তের ঘ্রাণ পেয়ে বড় হয়েছি, কিন্তু প্রবাসে আমাদের সন্তানরা এসব থেকে বঞ্চিত।”