ফ্রান্সে শহীদ মিনার নির্মাণে ভূমিকায় মেয়রকে সম্মাননা
২০২১ সালে স্থায়ী এ শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
ভাষা শহীদ স্মরণে ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণে ভূমিকা রাখায় ইউরোপের ‘পিংক সিটি’ খ্যাত তুলুজের মেয়র জঁ লুক মদেনককে সম্মাননা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় সোমবার বিকেলে তুলুজ মেরির রেড হলে ‘বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন, তুলুজ’-এর পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিমের নেতৃত্বে প্রবাসীরা ফ্রান্সে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম শেষে ২০২১ সালে তুলুজে নানা আয়োজনে শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থায়ী এই শহীদ মিনার নির্মাণে অবদান রাখায় তুলুজের মেয়র জঁ লুক মদেনক ছাড়াও আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ ইনু ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রশাসক জানা মার্টিনকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তুলুজের ডেপুটি মেয়র জিল্লালি লাহিয়ানি, ক্যান্টন হেনরি কস্তা, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, রেজাউল হক খান, ফিরোজ আলম মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক শাকের চৌধুরী, সংগঠনের কোষাধ্যক্ষ ক্যান্টন হেনরি কস্তা, সহকারী কোষাধ্যক্ষ নুরুল ইসলাম কামাল, সাংস্কৃতিক সম্পাদক রিকি পি রোজারিও, সদস্য তপাদার কাশেম ও তায়েব রনি।
পরে অতিথিরা শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদ স্মরণে ফুল দেন।
