২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিবের সঙ্গে দুবাইয়ে কনস্যুলেট কর্মকর্তাদের বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া যেতে দুবাইয়ে যাত্রাবিরতি করেন পররাষ্ট্র সচিব।

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 03:26 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

‘বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট’ (ব্রিকস) সম্মেলনে যোগ দিতে রাশিয়া যেতে দুবাইয়ে যাত্রাবিরতি করেন পররাষ্ট্র সচিব।

মঙ্গলবার স্থানীয় সময় বিকালে দুবাইয়ে কনস্যুলেট জেনারেলের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে এতে পররাষ্ট্র সচিবের সফরসঙ্গী পরিচালক মো. মাহবুর রহমান, বাংলাদেশ দূতাবাস আবুধাবির চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মিজানুর রহমান, প্রথম সচিব (কনস্যুলার) মো. মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বলেন, “সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যেমন শ্রমিক হিসেবে কাজ করছেন, আবার ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেট সংশ্লিষ্ট সবাইকে এখানকার সরকার এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করার ব্যাপারে উদ্যোগী হয়ে কাজ করতে হবে।”

প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে কনস্যুলার সেবা পেতে পারেন সেজন্য বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।