২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির নির্বাচনে চ্যালেঞ্জ ভোট নিয়ে জটিলতা

নির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে পৃথক সংবাদ সম্মেলন করেছে দুই প্যানেল।

যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সমিতির নির্বাচনে চ্যালেঞ্জ ভোট নিয়ে জটিলতা
তাহের-আরিফ প্যানেলের সংবাদ সম্মেলন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 02:17 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া প্রবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতির’ নির্বাচনে চ্যালেঞ্জ ভোট নিয়ে জটিলতা তৈরি হয়েছে, আটকে আছে নির্বাচনী ফলাফল।

রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ফলাফল ঘোষণার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে পৃথক সংবাদ সম্মেলন করে এতে অংশ নেওয়া ‘তাহের-আরিফ প্যানেল’ ও ‘মাকসুদ-মাসুদ প্যানেল’।

২ হাজার আটশ ৯৪ ভোটারের এ নির্বাচনে ২ হাজার ৫৮ জন অংশ নেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট নেওয়া হয় নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া এবং কানেকটিকাট স্টেটের ৪টি কেন্দ্রে। ১৯ আসনের কার্যকরী কমিটির এ নির্বাচনে সরাসরি অংশ নেয় দুটি প্যানেলের ৩৮ প্রার্থীর সঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কমিশনের মুখপাত্র সাংবাদিক সাহাবউদ্দিন সাগর বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের পর উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ব্রুকলিনে চট্টগ্রাম ভবনে ফলাফল ঘোষণার আগে দেখা যায়, সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২। চ্যালেঞ্জ ভোট রয়েছে ৬টি। এই ভোটগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব হয়নি।”

সাগর জানান, মেশিনে ভোট গ্রহণের দায়িত্ব পালনকারী সংস্থাটির পক্ষ থেকে ওই ৬ ভোটের তথ্য জানার পরই সভাপতি হিসেবে বিজয়ীর নাম চূড়ান্ত করা সম্ভব হবে। চ্যালেঞ্জ ভোটগুলোর কারণে কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদক পদে বিজয়ীর ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।”

মাকসুদ-মাসুদ প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাকসুদ এইচ চৌধুরী অভিযোগ করেন, “নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালায় স্পষ্ট বলা ছিল ‘নো আইডি-নো ভোট’, প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক পোস্টারেও তা উল্লেখ ছিল। তাহলে আইডি ছাড়া ভোট গ্রহণ করা হলো কীভাবে?”

মাকসুদ-মাসুদ প্যানেলের সংবাদ সম্মেলন।

মাকসুদ-মাসুদ প্যানেলের সংবাদ সম্মেলন।

মাকসুদ এইচ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহেরের চেয়ে ২ ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ চ্যালেঞ্জ ভোট ৬টি গণনা করা না হলে তিনিই সভাপতি নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী মাকসুদ-মাসুদ প্যানেলের সভাপতিসহ ১৩ প্রার্থী এগিয়ে আছেন। সাধারণ সম্পাদকসহ ৬ প্রার্থী এগিয়ে আছেন তাহের-আরিফ প্যানেলের।

তাহের-আরিফ প্যানেলের প্রচার কমিটির সদস্য-সচিব কামাল হোসেন মিঠু বলেন, “ডিজিটাল যুগে বাস করছি বিধায় ওই ৬ জন তাদের সেলফোনে ডিজিটাল আইডি প্রদর্শন করে ভোট দিয়েছেন। পরে তারা আইডির হার্ড কপিও প্রদর্শন করেছেন নির্বাচন কমিশনে। ওই চ্যালেঞ্জ ভোট নিয়ে বিতর্কের কোন অবকাশ থাকতে পারে না। সমিতির নির্বাচনে আগেও চ্যালেঞ্জ ভোট নেওয়া হয়েছে।”

এসময় এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। ফলাফল ঘোষণার আগেই মাকসুদ-মাসুদ প্যানেল নিজেদের বিজয়ী হিসেবে দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, “নিকটতম প্রার্থীর চেয়ে ২৫ ভোটে এগিয়ে রয়েছি। আমার বিজয় নিশ্চিত। তবু চ্যালেঞ্জ ভোট গণনা না হওয়া পর্যন্ত অপেক্ষায় রয়েছি।”

একটি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনের দুই সদস্য পোলিং এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন।

একটি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনের দুই সদস্য পোলিং এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী আজম, মনির আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গির আলম, আবু তালেব চৌধুরী চান্দু এবং বোর্ড অব ট্রাস্টির সদস্য শামসুল আলম চৌধুরী।

সংগঠনের নেতা-কর্মীরা জানান, ১০ বছর ধরে চট্টগ্রাম সমিতির নির্বাচন হয়নি। ১৮ মাস আগে একটি অন্তর্বর্তী কমিটি এবং শেখ মোহাম্মদ খালেদের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনাররা হলেন রুহুল আমিন হোসেন, শাহাবউদ্দিন সাগর, মো. হান্নান চৌধুরী ও সেলিম হারুন।