জাপানের চাই ১ কোটি কর্মী, বাংলাদেশ গড়বে ‘জাপান সেল’
“বাংলাদেশে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।”
জাপানের শ্রমবাজারে আগামী ২০৪০ সালের মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর চাহিদা দেখা দেবে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘জাপান সেল’ গঠনের পরিকল্পনা করছে।
মঙ্গলবার রাজধানী টোকিওতে টিকেপি মিলনায়তনে এক সেমিনারে এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া।
‘বাংলাদেশ জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস’ শিরোনামে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি।
টোকিওতে বাংলাদেশে দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মো. ইমরানুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেয়ামত উল্যা ভূঁইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের মানবসম্পদ পরিস্থিতির পরিসংখ্যানগত তুলনা উপস্থাপন করেন।
তিনি বলেন, “২০৪০ সালের মধ্যে জাপানের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। এ প্রবণতা ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। চাহিদা ও সরবরাহের দিক থেকে এটি একটি ভালো পরিসংখ্যানগত মিল।”
জ্যেষ্ঠ সচিব সচিব আরও উল্লেখ করেন, “জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে ৩৩টি ‘টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ (টিটিসি) নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠনেরও পরিকল্পনা চলছে, যা জাপানি শ্রমবাজারের জন্য সমন্বয় ও যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে।”
নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে দুই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় উভয়ই উপকৃত হবে।
জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থার (জেআইটিসিও) সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে প্রায় ২৫০টি জাপানি কোম্পানিসহ ৩৫০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং নিযোগকারী সংস্থা অংশ নেয়।
এতে স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি এবং জাপানের শ্রমবাজারের সম্ভাবনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেআইটিসিও’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাতসুতোমি।
পরে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী এবং জাপানি নিয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ১৩টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
