Published : 08 Jun 2025, 05:18 PM
বহুজাতিক সমাজে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বিকাশের লক্ষ্যে নিউ ইয়র্কে হতে যাচ্ছে ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভাল’।
আগামী ২৭ জুন থেকে তিন দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং হল বা জেসিএএল মিলনায়তনে।
উৎসবে মঞ্চস্থ হবে নাট্যসঙ্ঘ কানাডার ‘তিন মাতালের কাণ্ড’, ঢাকার ড্রামার ‘সংকটে শয়তান’, কৃষ্টির ‘দ্য গেম’; ‘হেমলেট অ্যান্ড ওফেলিয়া’ এবং ‘গোধূলি বেলায়’। অভিনেত্রী রোকেয়া রফিক বেবির একক অভিনয়ে মঞ্চস্থ হবে ‘কৃষ্টি’র নাটক ‘সাইকোসিস’।
এছাড়া ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন কবি-নাট্যকার বদরুজ্জামান আলমগীর। বক্তব্য দেবেন অধ্যাপক আব্দুস সেলিম, অভিনেতা-পরিচালক রোকেয়া রফিক বেবি এবং নাট্য বিষয়ক গবেষক-লেখক ড. বাবুল বিশ্বাস। নাটকে ব্যবহৃত ও দর্শকপ্রিয় বেশ কিছু গানও পরিবেশিত হবে।
‘কৃষ্টি’র প্রধান নির্বাহী শীতেষ ধর জানান, এ উৎসব উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের থিয়েটার অঙ্গনের ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ইশরাত নিশাতকে। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২০ জানুয়ারি মারা যান।