নিউ ইয়র্কে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতি
বিভিন্ন স্থানে তারেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রস্তুতিসভা করেছে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আতিকুর রহমান।
সভায় আগামী ২১ সেপ্টেম্বর জন ফিটজেরাল্ড কেনেডি (জেএফকে) বিমানবন্দরে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় নেতা-কর্মীদের প্রতি কোনো ধরনের ‘উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে’ স্লোগান দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে বিভিন্ন স্থানে তারেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
এছাড়া, আসছে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে তারেক রহমানের বক্তব্য উপস্থাপনের সময় ভবনের বাইরে ‘স্বাগত সমাবেশ’ আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সমাবেশটি লোকসমাগমের মাধ্যমে সফল করার ওপর জোর দেন উপস্থিত নেতারা।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিমউদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন।
অপরদিকে, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
