বাহরাইনে প্রবাসী শ্রমিকদের নিয়ে দূতাবাসের গ্রীষ্মকালীন সচেতনতা কর্মসূচি
গরমে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ আয়োজন করা হয়।
গরমে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাহরাইনে প্রবাসী শ্রমিকদের নিয়ে গ্রীষ্মকালীন সচেতনতা কর্মসূচি করেছে বাংলাদেশ দূতাবাস।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা নির্দেশিকা ও গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
বৃহস্পতিবার বাহরাইনের হিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের পক্ষে স্বাগত বক্তব্য দেন শ্রম কাউন্সেলর ও দূতাবাস প্রধান একে এম মহিউদ্দিন কায়েস। সঞ্চালনায় ছিলেন শ্রম কাউন্সেলর মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হোসেন আল-হুসাইনি, শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এলএমআরএ)-এর প্রতিনিধি মোহাম্মদ আল-হাশেমি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা রায়ান বুটাইলা।
দূতাবাস প্রধান মহিউদ্দিন কায়েস বলেন, “রাষ্ট্রদূত মহোদয় আপনাদের সবাইকে বাহরাইন সরকারের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে কাজ করার সময় শরীরের প্রতি যত্নবান হতে হবে। পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং দুপুরের প্রখর রোদে কাজ না করাই এই সময়ে সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ দূতাবাস প্রবাসী শ্রমিকদের কল্যাণে সবসময় প্রস্তুত। যে কোনো প্রয়োজনে আপনারা দূতাবাসের হটলাইন নম্বর ৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করতে পারেন।”
রাষ্ট্রদূতের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিদেশি অতিথিরা শ্রমিকদের উদ্দেশে বলেন, গ্রীষ্মের গরমে শারীরিক দুর্বলতা এড়াতে পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি দৃশ্যমান জ্যাকেট, হেলমেট ও সেফটি সু পরিধানসহ সব ধরনের সুরক্ষা বিধি মেনে চলা অত্যাবশ্যক।
তারা উল্লেখ করেন, ১৫ জুন ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যালোকে কাজ করার ওপর বাহরাইন শ্রম মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
কেউ যদি এই সময় শ্রমিকদের দিয়ে কাজ করাতে বাধ্য করেন, তাহলে হটলাইন নম্বর ৮০০০৮০০১-এ ফোন করে অভিযোগ জানাতে শ্রমিকদের আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে থার্মাস ফ্লাস্ক, জুস, পানি ও খাবার বিতরণ করা হয়।
বিদেশি অতিথিদের সঙ্গে প্রবাসী কর্মীদের গ্রুপ ছবি তোলার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটির নেতৃস্থানীয় বাংলাদেশি প্রবাসী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
