২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্যবিরোধী সমাজেও হিন্দুরা কি মার খেতেই থাকবে’

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা উঠে আসে।

‘বৈষম্যবিরোধী সমাজেও হিন্দুরা কি মার খেতেই থাকবে’
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

Published : 14 Aug 2024, 07:07 PM

Updated : 01 Sep 2026, 10:55 AM

এক নজরে

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা উঠে আসে।

একাত্তরের পর নব্বইয়ের পট পরিবর্তনেও আশা করা হয়েছিল যে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বন্ধ হবে। কিন্তু কোন হামলারই বিচার হয়নি। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের পথ বেয়ে সরকার উৎখাতের পরও আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল আসবে কবে? বৈষম্যবিরোধী সমাজেও হিন্দুরা কি মার খেতেই থাকবে?

সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের’ সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা উঠে আসে নেতাদের বক্তব্যে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দ্বিজেন ভট্টাচার্যের সঞ্চালনায় এতে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন সভাপতি নবেন্দু দত্ত ও পরিচালনা পর্ষদের সদস্য শিতাংশু গুহ।

শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক বিষ্ণু গোপ।

সেখানে বলা হয়, “আমরা প্রথমেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের বেদনাদায়ক মৃত্যুতে শোক প্রকাশ করছি। এ আন্দোলনকে ব্যবহার করে দেশের একটি চিহ্নিত অপশক্তি সারা দেশব্যাপী আরেক দফা সংখ্যালঘুবিরোধী সন্ত্রাস শুরু করেছে। দেশে ১৯৭১ সালের মতই মৃত্যুভয়ে ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন আমাদের আত্মীয়-স্বজন।”

লিখিত বক্তব্য অভিযোগ করে বলা হয়, “আমরা প্রতিটি সরকারের কাছেই সংখ্যালঘু নির্যাতনের একটি স্থায়ী সমাধান দাবি করে এসেছি। সদিচ্ছা থাকলে এই কাজটি যে কোন সরকারই করতে পারতেন, কিন্তু করেননি। আমাদের আশা বর্তমান সরকারের যেহেতু সাম্প্রদায়িক সন্ত্রাসীদের তোষণ করার কোন ব্যাপার নেই, তারা কাজটা করবেন।”

সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি জানায় সংগঠনটি। এগুলো হলো:

১. দেশে সব অপরাধেরই তদন্ত হোক, বিচার হোক। শুধু গত কয়েক সপ্তাহের নয়, অন্তত ২০০১ সাল থেকে সংঘটিত সব সংখ্যালঘু নির্যাতনে অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ২০১১ সালে সাহাবুদ্দিন কমিশন রিপোর্টে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সরাসরি বিচারযোগ্য যে কয়েক হাজার সাম্প্রদায়িক সন্ত্রাসীর তালিকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছিলেন সেটা ধরে দ্রুত নিষ্পত্তির ক্ষমতাসম্পন্ন আদালতে বিচারের কাজ শুরু করা হোক।

২. ভারত ও যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু সুরক্ষার জন্য যে ব্যবস্থা রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে একটি ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাশ করা হোক, যার জন্য একটি খসড়া বিল আমরা ক্ষমতাচ্যুত সরকারের কাছে হস্তান্তর করেছিলাম। সেই খসড়া বিলটি আমরা আবারও বর্তমান সরকারের কাছে পাঠাচ্ছি।

৩. ১৯৭২ সালের সংবিধান পুনর্বহাল করে দেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা হোক, যার জন্য একাত্তরে বাঙালি জাতি আত্মত্যাগ করেছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দীলিপ নাথ, সহ সভাপতি পার্থ তালুকদার, সদস্য সচিব চন্দন সেনগুপ্ত, সুকান্ত দাস টুটুল, আশীষ ভৌমিক, ভজন সরকার ও সুশীল সিনহা।